রিপন মারমা, রাঙামাটি : "প্রকৃতির ছোঁয়ায় তরুণ মন, করব মোরা পরিবেশ সংরক্ষণ"—এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী স্কাউট ডে-ক্যাম্প ২০২৬।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বরইছড়ি কর্ণফুলী নূরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার এবং বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলার সভাপতি মো. রায়হানুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, "স্কাউটিং একজন শিক্ষার্থীকে সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। যেকোনো দুর্যোগে ও দেশের কল্যাণে স্কাউটরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে।"

উপজেলা স্কাউটসের সহসভাপতি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা স্কাউটসের সহসভাপতি খোরশেদুল আলম কাদেরী, সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার এবং প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের কমিশনার মাহাবুব হাসান বাবু এবং সঞ্চালনা করেন সম্পাদক এ বি এস সিরাজ আহমেদ চৌধুরী ও যুগ্ম সম্পাদক ফেরদৌস আক্তার।

দিনব্যাপী এই ক্যাম্পে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪০ জন কাব স্কাউট ও স্কাউটার অংশ নেন। তরুণ প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং পরিবেশ সংরক্ষণে সচেতন করে তুলতে অভিজ্ঞ প্রশিক্ষকগণ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

(আরএম/এএস/নভেম্বর ১২, ২০২৬)