ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ এবং এইচএসসি-২০২৬ ব্যাচের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছাপত্র দিয়ে বরণ করে নেওয়া হয়। তাদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও একাডেমিক কো-অর্ডিনেটর তানজিলা রহমান। এ সময় নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও সমবেত সংগীত পরিবেশন করে। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণে উঠে আসে কলেজজীবনের নানা অভিজ্ঞতা, অর্জন ও স্মরণীয় মুহূর্ত।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এইচএসসি-২০২৬ ব্যাচের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। এ পর্বে ৩৯ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীদের সাফল্যে অবদান রাখায় তাঁদের শ্রেণিশিক্ষক ও একাডেমিক কো-অর্ডিনেটরকেও সম্মাননা দেওয়া হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল (অব.) মো. রশিদুল ইসলাম খান বলেন, অর্জিত সাফল্যই শেষ নয়, সামনে এগিয়ে যাওয়ার আরও অনেক পথ বাকি। শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক সাফল্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ ও মানবিক গুণাবলির চর্চা জরুরি। তিনি নবীন ও কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
উপাধ্যক্ষ বদরুন নাহার নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান এবং কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্ক, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নেতৃত্বমূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
নবীনদের স্বাগত জানানো এবং কৃতী শিক্ষার্থীদের অর্জন উদ্যাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
(পিআর/এসপি/নভেম্বর ১২, ২০২৬)
