বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার কাহালু উপজেলার সদর ইউনিয়নের বোরতা হিন্দুপাড়ায় মন্দির সংলগ্ন সরকারি খাস জায়গা জবর দখল করে ক্লাবঘর নির্মাণের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। নির্মাণকাজ বন্ধ ও প্রতিকার চেয়ে গত মঙ্গলবার কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বোরতা হিন্দুপাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী রাম চন্দ্র বর্মন বাদি হয়ে এ অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বোরতা হিন্দুপাড়ার শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের সাথেই সরকারি খাস খতিয়ান ভুক্ত একটি জায়গা রয়েছে। জায়গাটি দীর্ঘদিন ধরে ওই গ্ৰামের সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় ও বিভিন্ন আনুষঙ্গিক কাজে ব্যবহার করা হয়।

অভিযোগে বলা হয়, সম্প্রতি গ্রামের অন্যপাড়ার মোঃ রহিম উদ্দিনের ছেলে আল আমিন (২৩), আব্দুল মজিদের ছেলে মোঃ আলিফ (২২), বিপুলের ছেলে মোঃ বাপ্পী ও আজিজারের ছেলে মোঃ রাকিব (২৮) ওই সরকারি খাস জায়গায় মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের কাজ শুরু করেন। গত ১০ নভেম্বর নির্মাণ কাজে বাধা ও নিষেধ করলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ এমনকি প্রাণনাশের হুমকি দেন ওই যুবকেরা বলে তিনি কমিটির সাধারণ সম্পাদক জানান।

অভিযোগকারীদের আশঙ্কা, মন্দির সংলগ্ন স্থানে ক্লাবঘর নির্মিত হলে গভীর রাত পর্যন্ত লোকজনের আনাগোনা ও আড্ডার কারণে মন্দিরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় এমন পরিস্থিতি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতিরো অবনতি ঘটতে পারে। সেই সাথে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে মনে করছেন ওই গ্ৰামের সনাতন ধর্মালম্বীরা।

(বিএস/এসপি/নভেম্বর ১২, ২০২৬)