রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কদমতলা বাজারকে মাদকের আখড়া মুক্ত করার দাবিতে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ী ও সচেতন মহল।

আজ বৃহস্পতিবার দুপুরে কদমতলা বাজার কমিটি ও সচেতন মহলের আয়োজনে শহরের কদমতলা বাজারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কদমতলা বাজার কমিটির সভাপতি আয়ুব আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সমাজসেবক জিয়ারুল ইসলাম, ব্যবসায়ী ডা. মিজানুর রহমান ডাবলু ও বাজার কমিটির সহ-সভাপতি শামসুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, কদমতলা বাজারে মাদকের বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বাজারের স্বাভাবিক পরিবেশ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধন থেকে কদমতলা বাজারকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

(আরকে/এসপি/নভেম্বর ১২, ২০২৬)