বিজিবি বলছে ভয়ের কিছু নেই
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদীর ওপারে দুটি পূর্ণবয়স্ক চিতাবাঘের উপস্থিতি শনাক্ত হয়েছে, যা স্থানীয় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
আজ শুক্রবার ভোরের দিকে স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন সীমান্তবর্তী নাগর পারে বাঘ দুটিকে বিচরণ করতে দেখে এবং তাৎক্ষণিকভাবে সেগুলোর ছবি মুঠোফোনে ধারণ করে।
জানাযায়, শুক্রবার ভোরে বাঘ দুটি বাংলাদেশ সীমান্তের লোকালয়ের খুব কাছেই অবস্থান করছিল এবং পরবর্তীতে সেগুলোকে পার্শ্ববর্তী একটি চা-বাগানের ভেতরে ঢুকে পড়তে দেখা যায়। ভৌগোলিক অবস্থানের দিক থেকে নাগর নদী ভারত ও বাংলাদেশের সীমান্ত নির্ধারণ করায়, নদী পার হয়ে বাঘগুলোর বাংলাদেশের ভূখন্ডে ঢুকে পড়ার প্রবল আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকেই সীমান্তবর্তী গ্রামগুলোতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে এবং কৃষকরা ফসলের মাঠে যেতে ভয় পাচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় বন্যপ্রাণীর এমন অনাকাঙ্খিত উপস্থিতি তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। বাঘগুলো অত্যন্ত ক্ষিপ্র এবং চা-বাগানের ঝোপঝাড়ে লুকিয়ে থাকায় সেগুলোকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে।
স্থানীয় গৃহস্থালি এবং গবাদি পশুর নিরাপত্তার বিষয়টি এখন প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকের মতে, নদী পারাপারের ক্ষেত্রে বাঘগুলো যে কোনো সময় লোকালয়ে ঢুকে পড়তে পারে, যা প্রাণহানির ঝুঁকি তৈরি করবে।
ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট বন বিভাগ এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বার্তা পাওয়া যায়নি।
তবে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু এ বিষয়টি ভারতের সীমান্তের ভেতরে এবং বাংলাদেশ সীমান্তের ওপারে তাই ভয়ের তেমন কোন কারন নেই। এরপরও সীমান্তবাসীকে সাবধান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
(এফআর/এসপি/নভেম্বর ১৩, ২০২৬)
