কাপ্তাইয়ে বিএসপিআই পেল বিএসআরএমের উপহারের নতুন বাস
রিপন মারমা, কাপ্তাই : পাহাড় ও লেকের পাদদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশের অন্যতম শীর্ষ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) যুক্ত হয়েছে একটি ব্র্যান্ড নিউ বাস। দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএমের (BSRM) সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষাবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ৩৮ আসন বিশিষ্ট এই বাসটি উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
দীর্ঘদিনের তীব্র যাতায়াত সংকট ও ভোগান্তির পর নতুন এই বাহনটি ক্যাম্পাসে এসে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বই আনন্দের জোয়ার। পাহাড়ি অঞ্চলের আঁকাবাঁকা ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লাসে আসা শিক্ষার্থীদের মুখে এখন স্বস্তির হাসি।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সাবেক অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাসের দূরদর্শী দিকনির্দেশনা এবং বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিরলস প্রচেষ্টা ও সফল নেতৃত্বের ফলেই শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই প্রাণের দাবি অবশেষে বাস্তবায়নের মুখ দেখল।
আলাপকালে বিএসপিআই’র অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত ১০ নভেম্বর শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল চট্টগ্রামের ভাটিয়ারীতে গিয়ে বিএসআরএম কর্তৃপক্ষের কাছ থেকে এই উপহারের বাসটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেন।
তিনি আরও জানান, বাসটি খুব শীঘ্রই সড়কে নামানোর প্রস্তুতি চলছে। বর্তমানে রোড পাস, রেজিস্ট্রেশন ও নাম্বার প্লেট সংক্রান্ত সরকারি অনুমোদনের কাজ দ্রুত এগিয়ে চলছে। আনুষ্ঠানিকতা শেষ হলেই এটি নিয়মিত রুটে চলাচল শুরু করবে।
শিক্ষার্থীরা বলছেন, প্রতিদিন দূর-দূরান্তের দুর্গম রাস্তা পেরিয়ে ক্লাসে আসা অত্যন্ত কষ্টসাধ্য ছিল। বিএসআরএমের এই মহতী উদ্যোগ এবং বর্তমান প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় যাতায়াত ব্যবস্থা সহজতর হওয়ায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা এখন থেকে আরও নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ক্যাম্পাসে যাতায়াত করতে পারবেন। এতে প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রমেও বাড়তি গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস।
বিএসপিআই পরিবারের প্রতিটি সদস্যের প্রত্যাশা—নতুন এই বাসটির প্রতিটি যাত্রা নিরাপদ, আনন্দময় ও ফলপ্রসূ হোক।
(আরএম/এএস/নভেম্বর ১৪, ২০২৬)
