আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিকে একটি ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেছেন। তবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সম্ভাব্য ফেরা বা সামরিক বিমান পাঠানোর মতো সংবাদ প্রতিবেদনগুলোর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন।

শেখ হাসিনার প্রত্যার্পণ প্রসঙ্গ নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি স্থলবন্দর (বেনাপোল-পেট্রাপোল) নাকি আকাশপথে ফিরবেন, এ ধরনের জটিল প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের কী ধরনের প্রস্তুতি রয়েছে এবং তার নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন কি না। এ ছাড়া, নয়াদিল্লি থেকে তাকে ফিরিয়ে নিতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে বলা হয়েছে এবং ২০২৪ সালের ঘটনার রায়ের বিরুদ্ধে আপিল ও নতুন বিচারের নিশ্চয়তা চাওয়া হয়েছে—এমন সংবাদ প্রতিবেদনের সত্যতা নিয়েও জানতে চাওয়া হয়।

এসব প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আপনি বললেন যে আমি এই বিষয়টিকে একটি আইনি বিষয় হিসেবে উল্লেখ করেছি। আমি যে বিষয়টিকে আইনি বিষয় বলেছি, তা হলো প্রত্যর্পণের অংশটি—অর্থাৎ প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ীই এর নিষ্পত্তি করা হবে। আপনার প্রশ্নের বাকি অংশগুলোর বিষয়ে আমার কোনো মন্তব্য করার নেই।”

সামরিক বিমান ও বিচার সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র স্পষ্ট করে জানান, সাংবাদিকের প্রশ্নে যেসব সম্ভাব্য পরিস্থিতির কথা বলা হয়েছে, সে বিষয়ে তার কিছুই বলার নেই।

(ওএস/এএস/নভেম্বর ১৪, ২০২৬)