ঈশ্বরদী প্রতিনিধি : পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারমাণবিক খাতে তরুণদের নেতৃত্বাধীন উদ্যোগকে এগিয়ে নিতে একটি বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’। রোসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১২ নভেম্বর ইতালির তুরিনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অ্যাটমিক উইক ২০২৬’ ফোরামের এক কাউন্সিল সভায় এ প্রস্তাব উত্থাপন করা হয়। সভায় রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ, মানবসম্পদবিষয়ক উপমহাপরিচালক তাতিয়ানা তেরেন্তিয়েভাসহ কাউন্সিলের ১৬ জন সদস্য ও মেন্টর অংশ নেন।

সভায় বাংলাদেশসহ ১৫টি দেশে আয়োজিত ১৭টি জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগের ফলাফল পর্যালোচনা করা হয়। এসব সংলাপে ১৫ হাজারের বেশি তরুণ অংশ নেন। এ আয়োজনের মাধ্যমে তরুণ নিউক্লিয়ার পেশাজীবীরা পারমাণবিক ও জ্বালানি খাতের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। পাশাপাশি ভবিষ্যতে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়েও আলোচনা করেন তাঁরা।

শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের মধ্যে পরিচালিত জরিপের মাধ্যমে পারমাণবিক শিল্পে তরুণদের প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলোও চিহ্নিত করা হয়।

এসব সংলাপ ও জরিপের ফলাফলের ভিত্তিতে কাউন্সিল সদস্যরা জাতীয় পর্যায়ে ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’ গঠন এবং পরবর্তী সময়ে একটি বৈশ্বিক প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বিত আঞ্চলিক ইয়ুথ নিউক্লিয়ার প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার প্রস্তাব করেন। এ কাঠামো তরুণদের নেতৃত্বাধীন উদ্যোগে সহায়তা এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের তরুণ নিউক্লিয়ার পেশাজীবীদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করবে।

প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে আলেক্সেই লিখাচেভ লাতিন আমেরিকা, আফ্রিকা, ইউরোপ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ ধরনের উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেন। একই সঙ্গে ধারাবাহিক সহযোগিতা নিশ্চিত করতে একটি বৈশ্বিক কো-অর্ডিনেশন সেক্রেটারিয়েট প্রতিষ্ঠারও প্রস্তাব দেন তিনি।

উল্লেখ্য, ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’ রোসাটমের আন্তর্জাতিক তরুণ উপদেষ্টা কাউন্সিল। টেকসই উন্নয়ন ও বৈশ্বিক পারমাণবিক সহযোগিতা এগিয়ে নিতে তরুণ নেতা, বিজ্ঞানী এবং পরিবর্তনকর্মীদের সমন্বিত কার্যক্রমকে উৎসাহিত করে এ উদ্যোগ। বর্তমানে বাংলাদেশসহ ১৩টি দেশের ১৩ জন তরুণ নেতা এ টিমের সদস্য রয়েছেন।

(এসকেকে/এসপি/নভেম্বর ১৪, ২০২৬)