স্টাফ রিপোর্টার : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। 

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতির মধ্য দিয়ে ঐতিহাসিক এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

প্রথমবার ট্রেন থামার আনন্দঘন মুহূর্তে স্থানীয় বাসিন্দারা ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

হিলি রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের দাবি এবং রেলওয়ের রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ২৮ অক্টোবর স্টেশনটিতে ‘নীলসাগর এক্সপ্রেস’ ও ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেয় কর্তৃপক্ষ।
আজ থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিক যাত্রাবিরতি শুরু হওয়ায় হিলিসহ আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে উৎসব ও আনন্দের আমেজ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত গুরুত্বপূর্ণ এ রেলস্টেশনটিতে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেন থামত না।
এর ফলে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ঢাকায় যাতায়াতের জন্য পাশের বিরামপুর অথবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হতো। এতে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হওয়ার পাশাপাশি চরম ভোগান্তি পোহাতে হতো।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করছেন, নতুন এ যাত্রাবিরতির ফলে রাজধানীর সঙ্গে হিলির সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হলো।

(ওএস/এএস/নভেম্বর ১৫, ২০২৬)