স্বাধীনতার পর হিলি স্টেশনে প্রথমবার থামলো ঢাকাগামী আন্তঃনগর ট্রেন
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর দিনাজপুরের হিলি স্টেশনে প্রথমবার থামলো ঢাকাগামী আন্তঃনগর ট্রেন ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস।
আজ রবিবার সকালে নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ২৮ অক্টোবর হিলি স্টেশনে নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদন দেয় রেল কর্তৃপক্ষ।
আজ রবিবার (১৫ নভেম্বর) থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিক যাত্রাবিরতি শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
হিলি স্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী জানান, রেলওয়ে মন্ত্রণালয়ের অনুমোদনে দিনের বেলায় নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি শুরু হয়েছে। হিলি থেকে ঢাকাগামী প্রতিটি ট্রেনে পাঁচটি এসি ও ২০টি নন-এসি টিকিট বরাদ্দ দেওয়া হয়েছে। আর ঢাকা থেকে হিলিগামী ট্রেন দুটিতে ৩০টি করে টিকিট বরাদ্দ রয়েছে। প্রথম দিনেই সব টিকিট বিক্রি হয়ে গেছে।
হিলি রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, এই স্টেশনটি ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে স্বাধীনতার আগ পর্যন্ত এ স্টেশন ব্যবহার করে ভারতের শিলিগুড়ি, দার্জিলিংসহ বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল করত। তবে স্বাধীনতার পর থেকে স্টেশনটিতে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমতি ছিল না।
বাংলাহিলি বাজার কমিটির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান বলেন, ব্রিটিশ আমলে নির্মিত গুরুত্বপূর্ণ এ রেলস্টেশনে স্বাধীনতার পর থেকে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেন থামত না। ফলে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী পাসপোর্টধারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বিরামপুর অথবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হতো।
হিলি স্থলবন্দরের আমদানিকারক রেজা আহমেদ বিপুল জানান, ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় যাত্রীদের সময় ও অর্থ দুটোই অপচয় হতো। নতুন এ ব্যবস্থা চালুর ফলে রাজধানী ঢাকার সঙ্গে হিলি স্থলবন্দরের সরাসরি রেল যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।
হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ফলে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য, ইমিগ্রেশন কার্যক্রম ও স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আসবে।
হিলি স্টেশন মাস্টার সূত্রে জানা গেছে, আগে এ স্টেশনে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, খুলনাগামী খুলনা মেইল এবং রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমতি ছিল। নতুন করে আরও দুটি আন্তঃনগর ট্রেন যুক্ত হওয়ায় স্টেশনে ট্রেনের সংখ্যা বেড়েছে।
(এসএস/এসপি/নভেম্বর ১৫, ২০২৬)
