রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা মূল্যমানের হেরোইন’সহ পিংকি আক্তার (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

আজ রবিবার সকালের দিকে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের সক্রিয় এ নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়।

রবিবার বেলা আড়াইটার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তপন সরকার উত্তরাধিকার ৭১ নিউজকে পাঠানো এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এ এসআরবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল আজ রবিবার সকাল আনুমানিক ০৬:৫০ ঘটিকায় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়ার গোয়ালন্দ বাজার সংলগ্ন এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০৫ (একশত পাঁচ গ্রাম) গ্রাম হেরোইন, যার আনুমানিক বাজার মূল্য ৩,১৫,০০০/- (তিন লক্ষ পনের হাজার টাকা), সহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম পিংকি আক্তার (৩০), স্বামী- রবি শেখ, সাং— উত্তর দৌলতদিয়া , থানা- গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ী বলে জানা যায়। এসময় তার নিকট হতে মাদক বিক্রির নগদ টাকা এবং দুটি মোবাইল ফৈান উদ্ধার করা হয়।

এসআরবি আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হেরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, 'মাদক নির্মূলে জিরো টলারেন্স' নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয় জানিয়ে, এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়। তাছাড়া, ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবি-১০ এর এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও এ বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসআরবি'র মিডিয়া বিভাগ।

(আরআর/এসপি/নভেম্বর ১৫, ২০২৬)