রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে সাতক্ষীরা সদর থানার আয়োজনে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকারের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পথের শেষ পর্যন্ত যেতে হবে, যেতে যেতে পথ থেকে হারিয়ে গেলে হবেনা। লক্ষ্য অর্জনের জন্য অধ্যবসায় দরকার। অধ্যবসায় ছাড়া লক্ষ্য অর্জন সম্ভব নয়। খেলাধুলা ও সুস্থ বিনোদনের মধ্য দিয়ে শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের ব্যস্ত রাখা। একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে তোমাদেরকে সুনাগরিক হতে হবে। আজকে যে শপথ করলে সেই শপথ মেনে চলবে। তাহলে অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সোনালী গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল সিয়াম প্রমূখ। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাকে হাত তুলে শপথ বাক্য পাঠ করানো হয়।

এসময় জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ও আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেজবাহ উদ্দিন।

(আরকে/এসপি/নভেম্বর ১৫, ২০২৬)