আন্তর্জাতিক ডেস্ক : বিশাল আকারের সামুদ্রিক ঢেউয়ের আঘাতে আবারো ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল। ঢেউয়ের তোড়ে প্লাবিত হয়েছে সমুদ্র সৈকত ও স্থানীয় রাস্তাঘাট। স্থানীয় সময় রবিবার (১৫ নভেম্বর) এমন পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয় বেশ কয়েকটি বিখ্যাত জেটিঘাট। 

বে অব এলাকার জাতীয় আবহাওয়া দপ্তর আগেই সতর্ক করেছিল যে, উপকূলে ৩৫ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। একইসঙ্গে বিপজ্জনক পানির টান ও হঠাৎ তেড়ে আসা বড় ঢেউয়ের ব্যাপারেও সতর্কতা জারি করা হয়।

আবহাওয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় সাধারণ মানুষকে সতর্ক করে জানায়, “পানি থেকে দূরে থাকুন, পাথুরে এলাকা ও জেটি এড়িয়ে চলুন এবং কখনোই সমুদ্রের দিকে পিঠ দিয়ে দাঁড়াবেন না।”

এর আগে শনিবার (১৪ নভেম্বর) সান ফ্রান্সিসকোর ঠিক দক্ষিণে অবস্থিত সান মাতেও কাউন্টিনে ৫০ ফুটেরও বেশি উঁচু ঢেউ রেকর্ড করা হয়। তবে রোমাঞ্চপ্রিয় সার্ফাররা এতে দমে যাননি; হাফ মুন বে’র কাছে অবস্থিত বিখ্যাত মাভেরিক্স সৈকতে তারা ঠিকই এই দানবাকৃতির ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ের আনন্দ উপভোগ করেছেন।

প্রকৃতির এই তাণ্ডবের মুখে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভেনচুরা, ম্যানহাটান সৈকত, হান্টিংটন সৈকত এবং সান ডিয়েগোর প্যাসিফিক সৈকতসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেটিঘাট রবিবার বন্ধ ঘোষণা করা হয়, কারণ এগুলো সরাসরি ঢেউয়ের মুখে পড়েছিল। এছাড়া অরেঞ্জ কাউন্টির সিল সৈকত এলাকায় কয়েক ইঞ্চি পানি জমে সৈকত এলাকার ওয়াকওয়ে প্লাবিত হয় এবং উপকূলের কাছাকাছি আবাসিক বাড়িগুলোতেও পানি ঢুকে পড়ে।

সান ডিয়েগোর কাছে লা জোলা কোভ- যা মূলত রোদ পোহানো সামুদ্রিক সিল মাছের জন্য বিখ্যাত- সেখানেও পানি সৈকতের স্বাভাবিক সীমানা ছাড়িয়ে ওপরে উঠে আসে এবং বালুচরে নামার সিঁড়িতে প্রবল বেগে আছড়ে পড়ে।

স্থানীয় সময় রবিবার বিকেলের দিকে সমুদ্রের পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করলেও, আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, পুরো সপ্তাহজুড়েই এই ধরনের বড় ঢেউয়ের দেখা মিলতে পারে।

তথ্যসূত্র : এপি

(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০২৬)