স্লিপার বাসের জন্য নীতিমালা করতে হাইকোর্টের রুল
স্টাফ রিপোর্টার : স্লিপার বাসের জন্য নীতিমালা বা নীতি বা প্রবিধান প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
স্লিপার বাস মালিকদের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে স্লিপার বাসের জন্য নীতিমালা বা নীতি বা প্রবিধান প্রণয়ন করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তাও জানতে চেয়েছেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেছেন আইনজীবী মো. তানভীর আহমেদ।
আদালতে রিট আবেদন করেন বাস মালিক খায়রুল আলম ভূঁইয়াসহ ১৯ জন বাস মালিক।
রিটের বিবাদীরা হচ্ছেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বিআরটিএর চেয়ারম্যান, আইজিপিসহ নয়জন।
(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০২৬)
