মজলুম জননেতা মওলানা ভাসানী: স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা থেকে গণতন্ত্র ও সুশাসনের প্রেরণা
ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম
১৭ নভেম্বর ২০২৬ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলার কৃষক, মজুর ও শ্রমিকের অতি আপনজন মওলানা আবদুল হামিদ খান ভাসানী চিরকাল নির্যাতিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন। মজলুম মানুষের সুখে-দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন, সংগ্রাম করেছেন। তাই তিনি সবার কাছে ‘মজলুম জননেতা’। বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবদান অবিস্মরণীয়। জাতীয়তাবাদী ও সমাজতান্ত্রিক আদর্শ-চেতনার সমন্বয়ে তিনি একটি রাজনৈতিক দল গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তাঁর বিচিত্র রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে একটি কথা স্পষ্ট হয়—তিনি আজীবন মেহনতি মানুষের অধিকার, স্বাধীনতা ও মাটির জন্য লড়াই-সংগ্রামে কখনো পিছু হটেননি। এই লড়াই-সংগ্রামের জন্য জেল, জুলুম, হুলিয়াসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা; পঞ্চাশের দশকেই তিনি উপলব্ধি করেছিলেন, পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ একটি অকার্যকর কাঠামো।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর বৃহত্তর পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) ধানগড়া গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হাজী শরাফত আলী খান, মাতার নাম মোসাম্মদ মজিরন বিবি। পরিবারে এক মেয়ে ও তিন ছেলের মধ্যে তিনি ছিলেন সবার ছোট; তাঁর ডাক নাম ছিল ‘চেগা মিয়া’। অল্প বয়সেই তিনি পিতৃ-মাতৃহীন হন। পিতৃহীন হামিদ প্রথমে কিছুদিন চাচা ইব্রাহীম খানের আশ্রয়ে থাকেন। এরপর ইরাক থেকে আগত আলেম ও ধর্মপ্রচারক সৈয়দ নাসির উদ্দীন বোগদাদির স্নেহদৃষ্টি লাভ করেন। এই পীর সাহেবই তাঁকে পুত্রস্নেহে লালন-পালন করেন এবং আরবি-ফারসি শেখান। পরে তাঁকে ভারতের দেওবন্দ মাদ্রাসায় পাঠিয়ে দেন। দেওবন্দের শিক্ষা তাঁর রাজনৈতিক ও ধর্মীয় দর্শনে গভীর প্রভাব ফেলে।
শিক্ষাজীবন শেষে তিনি টাঙ্গাইলের কাগমারীর এক প্রাইমারি স্কুলে কিছুকাল শিক্ষকতা করেন। সেখানে জমিদারের অত্যাচার-নির্যাতন দেখে প্রতিবাদ ও সংগ্রাম শুরু করেন; ফলে জমিদারের বিরাগভাজন হয়ে কাগমারী ছাড়তে হয়। পরে জমিদার শামসুদ্দিন আহম্মদ চৌধুরীর বাড়িতে গৃহশিক্ষক ও জমিদারি দেখাশোনার দায়িত্ব পালন করেন। কলকাতায় যাতায়াতের সূত্রে বিপ্লবী রাজনীতির সঙ্গে তাঁর পরিচয় ঘটে। ১৯১৭ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাষণে অনুপ্রাণিত হয়ে ১৯১৯ সালে কংগ্রেসে যোগ দেন এবং অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন। এটাই তাঁর প্রথম কারাবরণ; তখন তাঁর প্রায় নয়-দশ মাস জেল হয়। ১৯২১ সালে খেলাফত ও অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে আবার গ্রেফতার হন এবং সাত দিনের জেল ভোগ করেন। ১৯২৩ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বরাজ্য পার্টি গঠন করলে তিনি সেই দল সংগঠিত করার ব্যাপারে ভূমিকা পালন করেন। ১৯২২ সালে উত্তরবঙ্গ ও আসামে ভয়াবহ বন্যায় তিনি বিপন্ন মানুষের সেবায় দিনরাত কাজ করেন। ওই বছর সিরাজগঞ্জের কাওয়াখোলা ময়দানে ‘বৃহৎ আসাম সম্মেলন’ আয়োজন করেন, যেখানে প্রায় তিন লক্ষ মানুষের সমাগম হয়েছিল।
১৯২৫ সালে তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহম্মদ চৌধুরীর কন্যা আলেমা খাতুনকে বিবাহ করেন। ১৯২৬ সালে স্ত্রীকে নিয়ে আসামের ভাসানচরে চলে যান এবং সেখানে ‘কৃষক আন্দোলন’ শুরু করেন। ১৯২৯ সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসান চরে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন। এই ঐতিহাসিক কৃষক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণেই জনগণ তাঁকে ভালোবেসে ‘ভাসানীর মওলানা’ তথা ‘মওলানা ভাসানী’ উপাধিতে ভূষিত করেন। এরপর থেকে তাঁর নামের সঙ্গে ‘ভাসানী’ যুক্ত হয়। তিনি লাইনপ্রথা ও বাঙাল খেদা আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। কৃষক-শ্রমিকের চিরশত্রু জমিদার, জোতাদার ও সুদখোর মহাজনের বিরুদ্ধে জনমত তৈরি করেন। জমিদাররা একাট্টা হয়ে তাঁকে কৃষকদের থেকে বিচ্ছিন্ন করতে চাইলে তিনি আসামে চলে যান; সেখানে তাঁর রাজনীতি দুর্বার গতি পায়। ১৯২৬ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত তিনি লাগাতারভাবে আসামেই ছিলেন; মাঝে মাঝে সাংগঠনিক কাজে কলকাতা বা অন্যত্র যেতেন।
১৯৩৭ সালে তিনি আসামের প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে আসামের বরপেটা জেলায় মুসলিম লীগের সংগঠন আরও জোরদার হয়। ওই নির্বাচনে আসামের ৩৪ আসনের মধ্যে ৩১টি আসন লাভ করে মুসলিম লীগ; তিনি নিজেও আইনসভার সদস্য নির্বাচিত হন। মুসলিম লীগের মন্ত্রীপরিষদ গঠিত হওয়ার পরও তিনি লাইনপ্রথা ও বাঙাল খেদা আন্দোলনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান। ফলে সরকারের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে; কেন্দ্রীয় লীগ নেতৃবৃন্দ তাঁকে নিজ দলীয় সরকারের বিরোধিতা থেকে বিরত থাকার নির্দেশ দেন। কিন্তু তিনি স্বীয় আদর্শ ও কৃষক-শ্রমিকের পক্ষের অবস্থান থেকে সরে আসেননি।
ভারত বিভাগের পর ১৯৪৭ সালে তিনি আসাম থেকে পূর্ববাংলায় চলে আসেন। ১৯৪৯ সালে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠিত হলে তিনি তার প্রতিষ্ঠাতা সভাপতি হন। এ সময় তিনি সাপ্তাহিক ‘ইত্তেফাক’ পত্রিকা প্রতিষ্ঠা ও প্রকাশ শুরু করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে তিনি গ্রেপ্তার হন। ভাষা আন্দোলনের সময় গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের সভাপতি ছিলেন মওলানা ভাসানী; ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি কারাবরণ পর্যন্ত করেন। ১৯৫৪ সালে পাকিস্তান মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের অন্যতম ছিলেন তিনি। শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে যুক্তফ্রন্ট গঠন করেন; সে কারণেই যুক্তফ্রন্টের নামকরণ হয় ‘হক-ভাসানী’ যুক্তফ্রন্ট। এই যুক্তফ্রন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়। ১৯৫৫ সালে দল থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক ‘আওয়ামী লীগ’ নামকরণ করা হয়; এই পরিবর্তনকে তিনি সমর্থন করেন এবং দলের অসাম্প্রদায়িক পরিচয়কে গুরুত্ব দেন।
১৯৫৭ সালের কাগমারী সম্মেলনে তিনি পশ্চিম পাকিস্তানের শোষণকে সরাসরি চ্যালেঞ্জ করেন এবং বিখ্যাত ‘ওয়ালাইকুমুসসালাম’ বলে বিদায় জানানোর প্রচ্ছন্ন হুমকি দেন। পাকিস্তানের পশ্চিমা শাসকদের ‘ওয়ালাইকুমুসসালাম’ বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের নিশ্চিততার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন তিনি। ১৯৫৫, ১৯৫৬ ও ১৯৫৭ সালেও তিনি ঘোষণা দিয়েছিলেন—পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের জনগণের ওপর যে অত্যাচার-নিপীড়ন চালাচ্ছে এবং যে বৈষম্যনীতি অনুসরণ করছে, তা চলতে থাকলে পূর্ব পাকিস্তান একদিন স্বাধীন হয়ে যাবে। তাঁর সেই কথা বাস্তব সত্যে পরিণত হয়। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনগণকে সঙ্গে নিয়ে পাকিস্তানি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তোলেন। ১৯৭০ সালের নভেম্বরে পল্টন ময়দানে ভাষণ দানকালে বারবার সেই সতর্কবার্তাই উচ্চারণ করে জাতিকে সজাগ করে দেন।
১৯৭১ সালের ২৫ মার্চের পর পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞ শুরু হলে মুক্তিযুদ্ধ শুরু হয়। মওলানা ভাসানীর টাঙ্গাইলের ঘরবাড়ি পাকিস্তানি সেনারা পুড়িয়ে দেয়। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি ভারতে চলে যান এবং প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করলে তিনি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। স্বাধীনতার পরও কোনো পদমর্যাদা ও মোহ তাঁকে আকৃষ্ট করতে পারেনি। তিনি সব সময় জনগণের পাশে থেকে জনমুখী কর্মসূচি পালন করেন; এর মধ্যে ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত লংমার্চ পরিচালনা উল্লেখযোগ্য।
মওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি, কিন্তু শিক্ষা ও জ্ঞান-বিস্তারে তাঁর অবদান অনেক। তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়, মহীপুরে হাজী মুহম্মদ মুহসীন কলেজ, ঢাকায় আবুজর গিফারি কলেজ ও টাঙ্গাইলে মওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন। তাঁর রাজনৈতিক দর্শন ছিল মূলত মজলুম জনমানুষের অধিকার প্রতিষ্ঠা, সাম্রাজ্যবাদবিরোধিতা, অসাম্প্রদায়িকতা এবং ইসলামী সমাজতন্ত্রের (রুবুবিয়াত) সংমিশ্রণ। তিনি ‘হুকুমত-ই-রব্বানিয়া’ বা ন্যায়ভিত্তিক সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠায় বিশ্বাসী ছিলেন। তাঁর মতে, সম্পদ কোনো নির্দিষ্ট ব্যক্তির নয়; আল্লাহর দেওয়া সম্পদ সবার জন্য সমানভাবে বণ্টিত হওয়া উচিত। তিনি বামপন্থী রাজনীতি দ্বারা প্রভাবিত ছিলেন, তবে একান্ত ধর্মপ্রাণ মুসলমান ছিলেন; পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। হিন্দু-মুসলিম ঐক্যের মাধ্যমে স্বাধীনতার সংগ্রাম পরিচালনা করেছেন। ক্ষমতার লোভ বর্জন করে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন; এজন্যই তাঁকে ‘মজলুম জননেতা’ ও ‘লাল মওলানা’ বলা হয়। একবার ধর্মীয় গুরু মওলানা আজাদ সেবাহানী তাঁকে বলেছিলেন, কৃষক-শ্রমিক যা পরে তা না পরে তিনি কীভাবে তাদের বন্ধু হবেন; সেই থেকে তিনি লুঙ্গি ও পাঞ্জাবি পরা শুরু করেন এবং আজীবন তা বহাল রাখেন।
‘মাওলানা’ ও ‘মওলানা’ শব্দের বানান নিয়ে সূক্ষ্ম পার্থক্য ও বিতর্ক থাকলেও আবদুল হামিদ খান ভাসানীর ক্ষেত্রে ‘মওলানা’ বানানটি বাংলা সাহিত্যে ও তাঁর ভক্তদের কাছে স্বতন্ত্র বৈশিষ্ট্য ও আবেগের রূপ নিয়েছে। অনেকে মনে করেন, তাঁর অসাম্প্রদায়িক ও কৃষকবান্ধব রাজনীতির কারণে তাঁকে সাধারণ মাদ্রাসার আলেমদের থেকে আলাদা করতে এই বানানটি অধিক জনপ্রিয় হয়েছে। দেশের মানুষের কাছে তিনি ‘মওলানা ভাসানী’ ও ‘মজলুম জননেতা’ নামে অধিক পরিচিত; ধর্মীয় ভক্তরা তাঁকে ‘হুজুর’ বলেও সম্বোধন করতেন।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ৯৬ বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁকে টাঙ্গাইল জেলার সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়সংলগ্ন প্রাঙ্গণে সমাহিত করা হয়। তাঁর জীবন থেকে আমরা শিক্ষা পাই প্রগাঢ় স্বদেশপ্রেম, প্রগতিশীল আদর্শ ও প্রতিবাদী চেতনার।
মওলানা ভাসানী আজও বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসনের জন্য প্রাসঙ্গিক। তাঁর রাজনৈতিক জীবন দেখায়, গণতন্ত্র কেবল নির্বাচন ও ক্ষমতার পালাবদল নয়; গণতন্ত্রের প্রাণ হলো জনগণের অংশগ্রহণ, জবাবদিহি, স্বচ্ছতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তিনি আজীবন ক্ষমতার কেন্দ্রীভূতকরণ ও শোষণের বিরুদ্ধে কথা বলেছেন; কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। আজও বাংলাদেশে সুশাসনের অন্যতম শর্ত হলো কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার, শ্রমিকের মজুরি, কৃষকের ফসলের ন্যায্যমূল্য, পানি ও পরিবেশগত ন্যায়বিচার, ভাষা ও সংস্কৃতির অধিকার এবং ধর্মীয় সংখ্যালঘুসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। ফারাক্কা বাঁধের প্রতিবাদে তাঁর লংমার্চ আজও সীমান্তবর্তী নদী ও পানিসম্পদের ন্যায্য অধিকারের প্রশ্নে প্রেরণা জোগায়।
তাঁর অসাম্প্রদায়িক রাজনীতি আজও সাম্প্রদায়িকতা ও বিভেদের রাজনীতির বিরুদ্ধে দিশা দেয়। তিনি প্রমাণ করেছেন, ধর্মপ্রাণ মুসলমান হয়েও অসাম্প্রদায়িক ও গণমুখী রাজনীতি করা সম্ভব। তাঁর সাদাসিধা জীবন, ক্ষমতার মোহহীনতা এবং জনগণের সঙ্গে নিবিড় সংযোগ আজকের রাজনৈতিক নেতৃত্বের জন্য বড় শিক্ষা। তিনি দেখিয়েছেন, নেতা জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারেন, কিন্তু জনগণের ওপর ক্ষমতার প্রদর্শন করতে পারেন না। সুশাসনের জন্য প্রয়োজন আইনের শাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বাধীন বিচারব্যবস্থা, সংসদীয় জবাবদিহি এবং স্থানীয় সরকারের কার্যকর ভূমিকা। ভাসানীর দর্শন ছিল ক্ষমতার কেন্দ্রে জনমানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ধর্ম ও সমাজতন্ত্রের সংমিশ্রণে একটি ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। এই দর্শন আজও বাংলাদেশের গণতন্ত্রকে ব্যক্তিকেন্দ্রিকতা, অর্থের রাজনীতি, সাম্প্রদায়িকতা ও শোষণ থেকে রক্ষা করার জন্য প্রাসঙ্গিক।
তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টা ও পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। শোষিত-বঞ্চিত ও নিপীড়িত অধিকারহীন মানুষের অধিকার আদায়ে সংগ্রামী মহাপুরুষ ছিলেন মওলানা ভাসানী। তিনি পঞ্চাশের দশকেই উপলব্ধি করেছিলেন, পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ একটি অকার্যকর কাঠামো। তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকীতে এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাঁর আদর্শকে ধারণ করে শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে অবিচল থাকার অঙ্গীকার করি।
লেখক : চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র।
