রাজন্য রুহানি, জামালপুর : নিকাহ রেজিস্ট্রারদের (কাজি) বর্তমান কর্মএলাকা ও অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে জামালপুরে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে আজ সোমবার সকালে শহরের ফৌজদারি মোড়ে মানববন্ধন করেন নিকাহ রেজিস্ট্রাররা। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন। এ সময় তাঁদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। ‘নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি’ ব্যানারে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের বর্তমান কর্মএলাকা ও অধিক্ষেত্র বহাল রাখা তাঁদের অন্যতম প্রধান দাবি। একটি ইউনিয়ন বা ওয়ার্ডে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব তাঁদের পেশাগত জীবনে অনিশ্চয়তা তৈরি করবে। এতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা কাজিদের জীবিকা ও পেশাগত নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

তাঁদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—কোনো নিকাহ রেজিস্ট্রার মারা গেলে বা অবসরে গেলে তাঁর যোগ্য পুত্রকে সরাসরি নিয়োগ দেওয়া, নিয়োগের ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা ও ইসলামী শরিয়াহ সম্পর্কে জ্ঞানকে গুরুত্ব দেওয়া, অবসরের বয়সসীমা ৭৫ বছর নির্ধারণ এবং বিবাহ ও তালাক নিবন্ধন ফিসহ আনুষঙ্গিক ফি যৌক্তিক হারে বৃদ্ধি করা।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি কাজী হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান, সদর থানার সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনসহ অন্য নেতারা।

বক্তারা বলেন, তাঁরা সরকারের সঙ্গে কোনো সংঘাতে যেতে চান না। আলোচনার মাধ্যমে তাঁরা দীর্ঘদিনের সমস্যার ন্যায়সংগত ও স্থায়ী সমাধান চান।

তাঁদের দাবি- পেশাগত মর্যাদা, স্বচ্ছ নিয়োগব্যবস্থা এবং জীবিকার নিরাপত্তা নিশ্চিত করে বিদ্যমান সমস্যার সমাধান করতে হবে।

কর্মসূচি থেকে দাবিগুলো সরকারের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা কামনা করেন নেতারা। পাশাপাশি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশসহ পরবর্তী কর্মসূচি পালনের কথাও জানান তাঁরা।

(আরআর/এসপি/নভেম্বর ১৬ ২০২৬)