ঈশ্বরদী প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, সক্ষমতা, ব্যবস্থাপনা ও সাড়াদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ প্রতিনিধি দল। বাংলাদেশে সংস্থাটির পরিচালিত ‘জরুরি প্রস্তুতি পর্যালোচনা মিশন’-এর সরেজমিন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে এ মূল্যায়ন করা হবে হয়।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ উপলক্ষে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহাবুবুর রহমান এবং নিউক্লিয়ার সেফটি বিভাগের প্রধান ড. মো. আব্দুর রব শেখসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির বিশেষজ্ঞ মার্ক ব্রেইটিঙ্গার এবং মিশনের সমন্বয়ক ও কর্মকর্তা অ্যাড্রিয়ানা-সেলেস্টিনা বাকিউ। তাঁদের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল যৌথ সভায় অংশগ্রহণ করেন।

এ ছাড়া অনলাইনে সভায় যুক্ত হন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. কবীর হোসেন এবং ভিয়েনায় বাংলাদেশ স্থায়ী মিশনের পরমাণু বিষয়ক অ্যাটাশে তানভীর হাসান।

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বলেন, মিশনের প্রতিনিধি দল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সরেজমিন পরিদর্শন করে আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে প্রকল্পের জরুরি প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ব্যবস্থাপনা ও জরুরি পরিস্থিতিতে সাড়াদান কার্যক্রম পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে এসব কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এই পর্যালোচনা বাংলাদেশের পারমাণবিক জরুরি প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থাপনা ও সাড়াদান সক্ষমতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছেন।

(এসকেকে/এসপি/নভেম্বর ১৬ ২০২৬)