‘ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি’
স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানাকে নিম্ন আদালতে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
রায় ঘোষণার সময় উচ্চ আদালত বলেছেন, এ ধরনের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এতে অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) এ মামলায় দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
পরে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ট্রাইব্যুনালের ওই রায়ের পর নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডিত দুই আসামি রায়ের বিরুদ্ধে আপিল করেন। সেসব আবেদনের শুনানি শেষে আজ হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখে স্বপ্না খাতুনকে খালাস দেন।
(ওএস/এএস/নভেম্বর ১৭, ২০২৬)
