ফরিদপুর প্রেসক্লাবে স্মরণসভা
সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকদের শ্রদ্ধা
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে স্বরণ করেছে ফরিদপুরের সংবাদিকবৃন্দ।
আজ মঙ্গলবার দুপুরের দিকে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর প্রেস ক্লাব।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান, প্রেসক্লাবের সদস্য সাজ্জাদ হোসেন রনি, শফিকুল ইসলাম মনি, মাসুদুর রহমান তরুণ এবং সমকাল সুহৃদ সমাজের সভাপতি আবরার নাদিম ইতু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গৌতম দাস ছিলেন একজন সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিক। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তিনি সবসময় আপসহীন ছিলেন। ২০০৫ সালে পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন এ সাংবাদিক। তাঁর সাহসী সাংবাদিকতা ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন বক্তারা। এছাড়া, নতুন প্রজন্মকে গৌতম দাসের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে সাহসের সঙ্গে সাংবাদিকতা করার আহ্বান জানানো হয়।
এর আগে প্রয়াত সাংবাদিক গৌতম দাসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক বৃন্দ। পরে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক গৌতম সাহার কর্মব্যস্ত সাংবাদিকতার জীবন ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান সাংবাদিক বৃন্দ।
উল্লেখ করা যেতে পারে, ২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে দৈনিক সমকালের ব্যুরো প্রধান ও সাংবাদিক গৌতম দাসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ফরিদপুরের মুজিব সড়কের সংস্কার ও পুনর্নির্মাণ কাজের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় ঠিকাদার গোষ্ঠী ও তাদের সহযোগীদের দ্বারা তিনি হত্যার স্বীকার হোন।
ফরিদপুরে ২০০১ সাংবাদিক প্রবীর সিকদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর ২০০৫ সালে একই শহরে সাংবাদিক গৌতম দাসের হত্যাকাণ্ডের ঘটনা সারাদেশে ব্যাপক আলোচনার ঝড় তোলে। ওই সময় সাংবাদিক গৌতম দাস হত্যাকাণ্ড নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে সমকাল, প্রথম আলো সহ মুল ধারা বেশকিছু জনপ্রিয় পত্রিকা।
সাংবাদিক গৌতম হত্যার বিচার শুরু হলে বিচারের প্রতিটি আপডেট গণমাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বিচারিক আদালতে ২০১৩ সালের ২৭ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূরউদ্দিন এই চাঞ্চল্যকর হত্যা মামলায় ৯ জন আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। আর এটিই ছিল বাংলাদেশে সাংবাদিক হত্যার প্রথম কোনো চাঞ্চল্যকর মামলার ঐতিহাসিক রায়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসিফ ইমরান ২০২৪ সালের ১৮ জুন ফরিদপুর জেলা কারাগারে মারা যান।
এরপর হাইকোর্টে আপিল হলে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে ২০২৬ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন এবং বাকি ৪ জনকে খালাস দেন। এ মামলায় যাবজ্জীবন বহাল থাকা ৫ জন আসামি হলেন- আসিফ ইমরান, সিদ্দিকুর রহমান মিয়া, আসাদ বিন কাদির ও আবু তাহের। এ রায়ে খালাস পাওয়া আসামিরা হলেন- আসিফ ইমতিয়াজ বুলু, কামরুল ইসলাম আপন, কাজী মুরাদ ও রাজীব হাসান মিয়া।
(আরআর/এসপি/নভেম্বর ১৭, ২০২৬)
