সোনাতলায় নবান্ন উৎসব, ঐতিহ্যের আয়োজনে মেতেছে গ্রামবাংলা
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : নবান্ন-নতুন ধানের ঘ্রাণ আর কৃষকের মুখের হাসিতে বগুড়ার সোনাতলা উপজেলায় উদযাপিত হচ্ছে গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নবান্ন উৎসব। মাঠভরা পাকা ধান ঘরে তোলার আনন্দ, নতুন চালের খাবার আত্মীয় স্বজনের আপ্যায়ন আর গ্রামীণ মিলনমেলায় উৎসব মুখর হয়ে ওঠে উপজেলার বিভিন্ন গ্রামের জনপদ।
বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকেই উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকেরা কাঁচি হাতে ধানখেতে ছুটে যান। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী কৃষকেরা নতুন ধান কাটার আগে ক্ষেতের আইলে পূজা-অর্চনায় মাঠের প্রতি কৃতজ্ঞতা জানান দেন। নতুন ধানের চালের সঙ্গে বিভিন্ন মৌসুমি ফল ও দুধ মিশিয়ে পরিবারের সদস্যরা একসঙ্গে বসে নবান্নের আনন্দ ভাগাভাগি করেন। একসময় নবান্ন ছিল কৃষকের ঘরে নতুন ফসল ওঠার সবচেয়ে বড় আনন্দের উৎসব। হেমন্তের প্রথম দিন পহেলা অগ্রহায়ণকে ঘিরে নতুন ধানের আটায় তৈরি হতো নানা রকম পিঠাপুলি। নতুন চালের সুগন্ধি ভাত, মাছ সহ বাহারি পদ আর মৌসুমি ফল দিয়ে সাজানো হতো নবান্নের আয়োজন। সামর্থ্য অনুযায়ী কৃষকেরা নিজেদের ঘরে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করতেন। নলেন গুড়ের পায়েশ ও নতুন জলপাইয়ের আচার ছিল নবান্নের বিশেষ আকর্ষণ। শুধু খাবার-দাবারেই সীমাবদ্ধ ছিল না এ উৎসব। নবান্নের ভোজ শেষে রাতে গ্রামবাংলার বিভিন্ন স্থানে বসত জারি-সারি,কিচ্ছা ও কীর্তনের আসর। প্রতিবেশী ও আত্মীয় স্বজনের মধ্যে গড়ে উঠত এক আন্তরিক সম্প্রীতির বন্ধন। কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়া ও জীবন যাত্রার পরিবর্তনে হারিয়ে যেতে বসেছে নবান্নের সেই চিরচেনা অনেক আয়োজন। রাতের গানের আসরের জায়গা দখল করেছে অ্যান্ড্রয়েড ফোন।
মধুপুরের প্রবীণ কৃষক বাদল পাল, চিল্লিপাড়ার পীযূষ রায়, কলেজ স্টেশন বটতলার আবুল কালাম আজাদ বাবুর সঙ্গে কথা বলে জানা যায়, আগের দিনের নবান্নের খাবারে এসেছে পরিবর্তন। একসময় নতুন চালের ভাত, মাছ ও শাকসবজি ছিল ভোজের প্রধান আকর্ষণ। বর্তমানে অনেক বাড়ির আয়োজনে গরু, খাসি ও মুরগির মাংস সহ বিভিন্ন আধুনিক খাবার যুক্ত হয়েছে।তবে আয়োজনের ধরন বদলালেও নতুন ফসল ঘরে তোলার আনন্দ ও অতিথি আপ্যায়নের ঐতিহ্য এখনো টিকে আছে।নবান্নকে ঘিরে সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। বিশেষ করে সোনাতলা পৌরসভার কানুপুর গ্রামে বসা মাছের মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতাদের সমাগম ঘটে। বাঙালির চিরায়ত রীতি অনুযায়ী কেনা মাছের বাহারী রান্নায় নবান্নের রাতে গ্রামাঞ্চলে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের নিমন্ত্রণ করে খাওয়ানোর প্রচলন এখনো রয়েছে। অন্যদিকে নতুন শাড়ি পরে গ্রামের বধূরা এক বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে কুশল বিনিময় ও গল্প-আড্ডায় মেতে ওঠেন। তরুণ থেকে প্রবীণ-সব বয়সী মানুষের আড্ডা ও মিলনমেলায় গ্রামীণ জনপদে তৈরি হয় উৎসবের আবহ।
(বিএস/এসপি/নভেম্বর ১৭, ২০২৬)
