নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর বাজারের তিনটি ফার্মেসিতে অভিযান চালিয়ে নিম্নমানের ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জরিমানার মুখে পড়ে রায় ফার্মেসি, নিউ রত্না ফার্মেসি ও ঠাকুর ড্রাগ হাউস।

অভিযান সূত্রে জানা যায়, ফার্মেসিগুলোতে তল্লাশি চালিয়ে নিম্নমানের ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পাশাপাশি ওষুধ ক্রয়ের বৈধ পাকা ইনভয়েসও পাওয়া যায়নি। এসব অনিয়মের কারণে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ফরিদপুর জেলার সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ কার্যক্রম নিয়মিত চলবে।

(পিবি/এসপি/নভেম্বর ১৭, ২০২৬)