স্টাফ রিপোর্টার : সারাদেশে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আগামী তিন বছরে এক হাজার বৈদ্যুতিক বাস (ইভি) আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকায় চলাচলের জন্য বরাদ্দ রাখা হবে ২০০টি বাস। বাকি ৮০০টি দেশের বিভিন্ন অঞ্চলের রুটে চলাচল করবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

তিনি বলেন, গণপরিবহন সেবার মান উন্নয়ন এবং প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় প্রাথমিকভাবে ২০০টি বৈদ্যুতিক বাসের বহর গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে ৫০টি বাস আসার কথা রয়েছে। এরপর আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস আসবে বলে আশা করা হচ্ছে।

এসব বাসের ৫০টি থাকবে নারীদের জন্য সংরক্ষিত। গোলাপি রঙের এসব বাসে শুধু নারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। বাকি ৫০টি হবে লাল রঙের সাধারণ সার্ভিসের বাস, যেখানে নারী-পুরুষ উভয়েই যাতায়াত করতে পারবেন।

বাসগুলোর আকারেও থাকবে ভিন্নতা। নারীদের জন্য নির্ধারিত গোলাপি বাসগুলোর দৈর্ঘ্য হবে ৯ মিটার এবং সাধারণ সার্ভিসের লাল বাসগুলোর দৈর্ঘ্য হবে ১২ মিটার। তবে বাসগুলোর আসনসংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। আকার ও অভ্যন্তরীণ বিন্যাস বিবেচনায় তা নির্ধারণ করা হবে।

বৈদ্যুতিক বাসের নির্বিঘ্ন পরিচালনা নিশ্চিত করতে ঢাকায় রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারিগরি সুবিধার জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দের পরিকল্পনাও রয়েছে সরকারের।

এদিকে, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নারী চালক পরিচালিত পিংক বাস সার্ভিস সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ লক্ষ্যে নারী চালকদের ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে।

(ওএস/এএস/নভেম্বর ১৮, ২০২৬)