পাকিস্তানকে হারিয়ে সাফের শিরোপা ভারতের
স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে রোমাঞ্চকর ও নাটকীয় লড়াইয়ে হারিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখল ভারত। চরম উত্তেজনায় ভরপুর এই ফাইনালে ১০ জনের পাকিস্তানের বিপক্ষে ৮৭ মিনিটের মাথায় গোল করে ভারতের দশম সাফ শিরোপা নিশ্চিত করেন ডিফেন্ডার সন্দীপ মান্ডি।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবলের ইঙ্গিত দেয়। প্রথম মিনিটেই পাকিস্তানের ব্যাকপাস থেকে বল কেড়ে নেওয়ার সুযোগ তৈরি করেছিলেন সুহেইল ভাট।
তবে শুরুর সেই চাপ দ্রুত সামলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের মুঠোয় নেয় প্রথমবার ফাইনালে ওঠা পাকিস্তান দল। দুই উইং ব্যবহার করে ভারতীয় রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালান পাকিস্তানি ফরোয়ার্ডরা।
প্রথমার্ধের খেলা যখন গোলশূন্যভাবে শেষের পথে, তখনই যোগ করা সময়ের প্রথম মিনিটে এগিয়ে যায় পাকিস্তান। জুনায়েদ শাহর একটি নিচু পাস ভারতীয় ডিফেন্ডার খাইমিনথাং লুংদিমের পায়ে লেগে দিক পাল্টে চলে যায় আলমগীর গাজীর পায়ে।
নিখুঁত ও বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে পাকিস্তানকে ১-০ গোলে এগিয়ে নিয়ে বিরতিতে যান এই মিডফিল্ডার।
পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাকার্টন নিকসনকে মাঠে নামিয়ে আক্রমণভাগে গতি বাড়ায় ভারত। ৫৬ মিনিটে ম্যাচের সবচেয়ে বড় মোড় পরিবর্তনকারী ঘটনাটি ঘটে। প্রথম গোলের যোগানদাতা জুনায়েদ শাহ ভারতীয় মিডফিল্ডার ব্রিসন ফার্নান্দেসকে অত্যন্ত বিপজ্জনকভাবে ফাউল করেন। ভিএআর প্রযুক্তি যাচাই করে ৫৯ মিনিটে রেফারি জুনায়েদকে সরাসরি লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় পাকিস্তান।
সংখ্যায় পিছিয়ে পড়া পাকিস্তানের ওপর চড়াও হতে বিন্দুমাত্র সময় নষ্ট করেনি ব্লু টাইগাররা। ৬০ মিনিটে লুংদিমের ডান প্রান্তের ক্রসে নিকসন শট নিতে ব্যর্থ হলে ফাঁকায় বল পেয়ে যান সুহেইল ভাট। নিখুঁত শটে গোল করে ভারতকে ১-১ সমতায় ফেরান এই ফরোয়ার্ড এবং ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত ‘সিউ’ ভঙ্গিমায় উল্লাস প্রকাশ করেন।
এরপর একজন কম নিয়ে খেলা পাকিস্তানের ওপর মুহুর্মুহু আক্রমণ চালাতে থাকে ভারত। ৬৭ মিনিটে পিভি বিষ্ণুর জোরালো শট ফিরিয়ে দিয়ে দলকে বাঁচান পাকিস্তানি গোলকিপার ইউসুফ বাট। খেলার ধার অব্যাহত রাখতে ৭২ মিনিটে আবদুল রাবিহ ও ইরফান ইয়াদওয়াদকে মাঠে নামান ভারতীয় কোচ।
অবশেষে ম্যাচের ঘড়িতে যখন ৮৭ মিনিট, তখনই আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বদলি খেলোয়াড় আবদুল রাবিহর কর্নার কিক থেকে ডি-বক্সের জটলার ভেতর দারুণ এক হেড নেন ডিফেন্ডার সন্দীপ মান্ডি। বল মাঠে ড্রপ খেয়ে ডান কোণ দিয়ে জালে আশ্রয় নিলে উল্লাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। গোল করার পর জার্সি খুলে বাঁধনহারা উদ্যাপনে ফেটে পড়েন সন্দীপ। শেষ পর্যন্ত এই গোলেই রোমাঞ্চকর জয় নিয়ে রেকর্ড দশমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা উল্লাসে মাতে ভারত।
(ওএস/এএস/নভেম্বর ১৮, ২০২৬)
