স্টাফ রিপোর্টার : ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তার অভিযোগ, কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থান করে ভিডিও বার্তার মাধ্যমে দেশে নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে। আর দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করানো হচ্ছে। পলাতক শক্তিকে সতর্ক করে তিনি বলেছেন, ধৈর্যের সীমা যাতে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।

রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরবর্তী সময়ে তিনি ন্যাপ গঠন করলে সেই আওয়ামী লীগের লোকেরাই তাঁকে ‘ভারতের চর’ বলেছিলেন। অথচ আজ তাঁরাই ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। পুলিশের গাড়িতে এবং বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল নিক্ষেপ করছেন।

তিনি বলেন, কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তায় নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে। দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করানো হচ্ছে। পলাতক শক্তিকে সতর্ক করে রিজভী বলেন, ধৈর্যের সীমা যাতে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং পরে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রাম হয়েছে। চব্বিশের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে।

তিনি অভিযোগ করেন, আবারও বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের সেই ‘জমিদারি’ ফিরে পেতেই বোমাবাজির মাধ্যমে দেশে প্রত্যাবর্তনের চেষ্টা চলছে। তবে মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দেওয়া এই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে কিংবা বোমা মেরে দমানো যাবে না।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও সংগ্রামের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে আজীবন সংগ্রাম করেছেন ভাসানী। ১৯৫৭ সালেই তিনি বুঝতে পেরেছিলেন, পাকিস্তান টিকবে না এবং এ দেশ স্বাধীন হবে। সে সময়ই তিনি পাকিস্তানকে ‘ওয়ালাইকুম আসসালাম’ বলেছিলেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ রাখার ভূমিকা পালন করেছিলেন মওলানা ভাসানী।

১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির সময় এবং ১৯৭৬ সালের ফারাক্কা মিছিলের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। অথচ তাঁর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি। উত্তর প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরতে হলে তাঁর সংগ্রামী জীবন নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সঞ্চালনা করেন দলটির প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সভায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু এবং বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ১৮, ২০২৬)