সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকা থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মদের আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা।
আজ বুধবার দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণব পাড়া এলাকা থেকে এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে উদ্ধারের ঘটনায় কোনো আসামি পাওয়া যায়নি।
বিজিবি সূত্র জানায়- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকার ১০৮৯ সীমান্তের পিলারের কাছে অভিযান চালান সাতানী পাড়া বিওপির বিজিবি সদস্যরা। সেখানে বাঁশঝাড়ের পাশে একটি গর্ত থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান- মাদক উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান- সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
(আরআর/এসপি/নভেম্বর ১৮, ২০২৬)
