থাইল্যান্ডকে হারিয়েও সুপার সিক্সে উঠতে পারল না বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : জয় দিয়েও শেষ রক্ষা হলো না বাংলাদেশের মেয়েদের। শেষ ওভারের রোমাঞ্চে থাইল্যান্ডকে ৩ রানে হারালেও আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফির সুপার সিক্সে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। নেট রানরেটের সমীকরণে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে সোবহানা মোস্তারিদের। বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে এগিয়ে থেকে পরের পর্ব নিশ্চিত করেছে জিম্বাবুয়ে।
বুধবার (১৮ নভেম্বর) সেভেন ডিস্ট্রিক্টস গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৫ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড। তাতে ৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৫ রান করেন নিগার সুলতানা। ৩৬ বলের ইনিংসে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে সোবহানা মোস্তারির ব্যাট থেকে। এ ছাড়া শারমিন আক্তার করেন ১৬ রান। স্বর্না আক্তার ১১ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।
থাইল্যান্ডের হয়ে চানিদা সুথিরুয়াং ১১ রান খরচায় শিকার করেন ২ উইকেট। একটি করে উইকেট নেন সুলিপর্ন লাওমি, থিপাচা পুথাওং ও সুনিদা চাতুরংরতনা।
১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই জমিয়ে তোলে থাইল্যান্ড। দলের হয়ে একাই প্রতিরোধ গড়েন নান্নাপাত কনচারোয়েনকাই। ৫১ বলে ৫৭ রান করেন তিনি। নারুয়েমল চাইওয়াইয়ের ব্যাট থেকে আসে ৩৩ রান। তবে বাকিদের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি থাইল্যান্ড।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল সানজিদা আক্তার মেঘলা। ২৪ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। এ ছাড়া রিতু মনি ও জান্নাতুল ফেরদৌস একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ের পরও সুপার সিক্সে ওঠার স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। চার ম্যাচে দুই জয় ও দুই হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে বাংলাদেশের অবস্থান চতুর্থ। সমান ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা জিম্বাবুয়ের নেট রানরেট -০.১১১। বিপরীতে বাংলাদেশের নেট রানরেট -০.১৭০। এই সামান্য ব্যবধানই শেষ পর্যন্ত কাল হয়ে দাড়ায় বাংলাদেশের জন্য।
বাংলাদেশের বিদায়ে অবশ্য ভূমিকা রেখেছে জিম্বাবুয়ের জয়ও। একই দিনে নেদারল্যান্ডস নারী দলকে ৩৩ রানে হারিয়েছে তারা। ফলে চার ম্যাচে দুই জয় ও দুই হারে ৪ পয়েন্ট নিয়ে নেট রানরেটে বাংলাদেশকে পেছনে ফেলে গ্রুপের তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে জায়গা করে নেয় জিম্বাবুয়ে।
(ওএস/এএস/নভেম্বর ১৯, ২০২৬)
