টানা সপ্তমবার কমল স্বর্ণের দাম
স্টাফ রিপোর্টার : দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ নিয়ে টানা সাতবার কমল স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। বুধবার এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে। তবে স্থানীয় বাজারের আগে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডটওআরজির তথ্য অনুযায়ী, আজ সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৩ হাজার ৭২৩ ডলার।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।
এদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ২০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৯ টাকা।
(ওএস/এএস/নভেম্বর ১৯, ২০২৬)
