কাশিয়ানীতে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন
গোপালগঞ্জ প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের পৈতৃক বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ সময় তার কয়েকজন সহযোগি ও সমর্থকের বাড়িতেও হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তারা বাড়ির বিভিন্ন মালামাল ভাংচুর ও লুটপাট করেন। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুইটি টিনের ঘর, একটি দ্বিতল ভবন ও নির্মাণাধীন তিনতলা ভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়। মিছিল কারীরা বাড়িতে প্রবেশ করার পর পর সেলিমুজ্জামান সেলিমের বাড়ির লোকজন বাড়ি থেকে বের হয়ে যান। এ কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। একই গ্রামের সংসদ সদস্যের সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এদিকে, উপজেলার ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়িতে এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটেছে। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ও ভাংচুর চালানো হয়েছে।
অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া, তিলছড়া, গোপালপুর, তারাইল ও ফুকরাসহ বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা থেকে গাছ কেটে সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকেরা। সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার আওয়ামী লীগ-ছাত্রলীগে নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা গেছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে। কর্মসূচির কারণে কাশিয়ানীর বিভিন্ন এলাকায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি।
সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
(টিবি/এসপি/নভেম্বর ১৯, ২০২৬)
