বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় আওয়ামী লীগের হামলায় নিহত ২
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের মোটরসাইকেল ও গাড়িবহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।
জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে পূর্ব থেকে পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এ সময় হামলাকারীরা বিএনপির নেতাকর্মীদের ওপর আক্রমণ চালায় এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন, জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল ও কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানসহ (৪২) কয়েকজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত শাহীন ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। খুলনায় নেয়ার পথে প্রথমে সোহেল মারা যায়। তার কিছু সময় পরে শাহিনও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর শুনে তিনি ঘটনাস্থালে রওনা দিয়েছেন।
এদিকে, হামলার ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
(আরএম/এসপি/নভেম্বর ১৯, ২০২৬)
