রহিম আব্দুর রহিম


ছোট বেলার কথা, তখন মানুষের সাথে মানুষের যে বন্ধুত্ব, তা ছিলো নিষ্কলুষ ও পবিত্র। অভাব অনটন ছিলো সবার ঘরে, কিন্তু এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যেতো অবাধে। অভাব ঘরের বন্ধুও তার বন্ধুকে নিয়ে এক থালায় ভাত খেতো। রাতে ঘুমাতো এক সাথে। 

ষাটের দশকের বৈশাখ-জৈষ্ঠ্য, আষাঢ় -শ্রাবণ, ভাদ্র-আশ্বিণ, কার্তিক অগ্রহায়নের বছর পঞ্জিকায় প্রায় ঋতুতেই প্রচন্ড অভাব ছিলো। আমরা তখন রাত হলে গানের আসর, বিকাল হলে খেলার মাঠে, সন্ধা হলেই পড়ার চটে। ওই সময়ে কোন শিক্ষার্থীরই চেয়ার-টেবিলে পড়তে বসার সুভাগ্য হয়নি। চটের বিছানায় উঁচু কোন বালিশ অথবা টোলকে টেবিল বানিয়ে মাথা ঝুঁকে পড়াশোনা হতো। কেরোসিনের কূঁপিবাতি, ছনেরচালার মাঠের ঘরে যেনো বেহেস্ত নেমে আসতো। বর্ষাকালে সাঁতার কাটা, জৈষ্ঠ্যমাসের আম-জাম, কাঁঠাল খাওয়ার মহোৎসবে ছিলো ধর্ম-বর্ণের উর্দ্ধে। ওই সময়ে অগ্রহায়ন মাসের নবান্ন জমে উঠতো প্রতিটি ঘরে। আমরা পাড়ার ছেলে মেয়েরা ধান কাটা ফাঁকা মাঠে ইঁদুরের গর্ত থেকে ধান কুড়িয়ে জমা করতাম নিজ বাড়িতে। সেই কুড়ানো ধানে আইসক্রীম, কিংবা হাওয়ার মিঠাই কিনে খেতাম মহানন্দে।

ওই সময়ে সবচেয়ে বড় এবং মজার পর্ব হতো চুঁড়ুইভাতি। সব বন্ধুরা মিলে বাড়ি থেকে চাল, আলু, ডিম নিয়ে চলে যেতাম ফাঁকা কৃষিমাঠে।রান্না-বান্না শেষে চলতো খাওয়া-দাওয়া, এরপর নাচ-গান। তখন হাতের কাছে কোন আধুনিক বাদযন্ত্র না থাকায়, কলসির মাথায় কাপড় বেঁধে তাতে পানি ছিটিয়ে ঢোল বাজাতাম। মাটির হানকিতে (থালা) কঞ্চি দিয়ে পিটাতাম আর নাচ-গান করতাম। ক্ষুধার্ত শরীর আনন্দে জেগে থাকতো। বহুদিনের স্মৃতি কথা আজ মনে পড়েছে সঙ্গত কারণেই। পঞ্চগড় জেলা শহর থেকে ১৬ কিলোমিটার পুবের বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা হাড়িভাসা ইউনিয়ন।

ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠান বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা কয়েক বছর ধরে নিয়মিত আয়োজন করে 'পাঠসমাপনী' ও 'পঞ্চম শ্রেণি'র বিদায় অনুষ্ঠান। আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার ওই স্কুলের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম। নিজ প্রতিষ্ঠান থেকে রওনা হয়ে দেড়টার মধ্যেই স্কুলে পৌঁছে গেলাম। বিশাল মাঠের এক প্রান্তে প্যান্ডেল করেছে, ছেলে-মেয়েদের চোখে মুখে বইছে আনন্দের বন্যা! ছোট্ট মেয়েরা পড়েছে নতুন শাড়ী, ছেলেরা সাধ্য মতো পরিচ্ছন্ন পোষাক। রান্না হয়েছে সুস্বাদু পোলাও, মাছ ফ্রাই, গরুর ও গাসির আলাদা মাংসের ঝুল।

শিশুদের সাথে আমন্ত্রিত হয়েছেন স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আবু সুফিয়ান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশুদের চঁড়ুইভাতি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল, একই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সবুজ, ইউপি সদস্য গোলাম মোস্তফাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। কিন্তু আয়োজক কমিটি উদ্যোগতা এবং প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম মাস্টার অনুষ্ঠানে এসে তাঁকে চলে যেতে হয়েছে, তাঁর বড় ভাইয়ের মৃত্যুর কারণে। ফলে বাজেনি শিশুদের নাচ-গানের সাউন্ড বক্স।

একজন শিশুর নির্মল আনন্দের জন্য এই চঁড়ুইভাতি সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ফিরে পাবে তাঁদের হারানো শৈশব। তবে চঁড়ুইভাতিতে কোন আধুনিক ক্রীড়া-কর্ম, নাচ-গান বাদযন্ত্র যুক্ত করা কোনভাবেই কাম্য নয়। বড়বাড়ির ছোটদের চঁড়ুইভাতি ছড়িয়ে পড়ুক সারাদেশের সবখানে, সবার মনে, সবার প্রাণে।

লেখক: নাট্যকার, গবেষক ও শিশু সংগঠক।