‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ’
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘আমরা সবাই দেশপ্রেম ও দেশের উন্নয়নের প্রশ্নে এক। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করব। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে রাজনীতি করা যাবে না।’ —এমন মন্তব্য করেছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন আন্তনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর উদ্বোধন শেষে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে স্টেশনের প্ল্যাটফর্মে নির্মিত অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন তিনি।
রেলমন্ত্রী বলেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে রাজনীতি নয়; বরং দেশের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ঈশ্বরদীর দীর্ঘদিনের দাবি ওভারপাস নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ওভারপাস নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এটি বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে।
পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর বিষয়ে মন্ত্রী বলেন, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেসের ঈশ্বরদীতে স্টপেজ রয়েছে। ফলে এখানকার মানুষ এখন সহজেই ঈশ্বরদী থেকে ঢাকায় যাতায়াত করতে পারবেন। জনগণের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও নতুন রেলসংযোগ চালু করা হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার, পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এ ছাড়া স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নতুন সময়সূচি অনুযায়ী ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় ছেড়ে যাবে।
(এসকেকে/এএস/নভেম্বর ২০, ২০২৬)
