‘দেশপ্রেমিক’ ‘তৌহিদী জনতা’ ও ‘ফ্যাসিস্ট দোসর’
সাখাওয়াত নয়ন
বাংলাদেশের রাজনীতিতে শব্দ কেবল যোগাযোগের মাধ্যমই নয়; কখনো ক্ষমতার হাতিয়ার, কখনো প্রতিপক্ষকে দমনের কৌশল, আবার কখনো অপরাধ ও সহিংসতার দায় আড়াল করার ভাষাগত আশ্রয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ক্ষমতার পালাবদলের সঙ্গে শুধু শাসক বদলায় না, বদলে যায় রাজনৈতিক শব্দের অর্থ, প্রয়োগ ও গ্রহণযোগ্যতা।১৯৭১ সালের মুক্তিযুদ্ধেই এই ভাষাগত রাজনীতির একটি ঐতিহাসিক দৃষ্টান্ত পাওয়া যায়। পাকিস্তানের চোখে যাঁরা ছিলেন ‘বিদ্রোহী’ কিংবা ‘গাদ্দার’, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তাঁরাই ‘মুক্তিযোদ্ধা’ ও ‘বীরশ্রেষ্ঠ’। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষের কাছে বিশ্বাসঘাতক হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশের কাছে তিনি জাতীয় বীর। অর্থাৎ একই কর্মকাণ্ড এক রাষ্ট্রের কাছে ‘দেশদ্রোহিতা’, অন্য রাষ্ট্রের কাছে ‘দেশপ্রেম’।
১৯৭৫ সালের সামরিক ক্যু, ১৯৮১ সালের ব্যর্থ অভ্যুত্থান এবং ১৯৮২ সালের সামরিক শাসন প্রতিষ্ঠার ঘটনায় ‘দেশপ্রেমিক সেনাবাহিনী’ শব্দবন্ধটি বিশেষ রাজনৈতিক তাৎপর্য পায়। পরবর্তী সময়ে ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং ২০২৪ সালের রাজনৈতিক সংকটেও সেনাবাহিনীর ভূমিকা ঘিরে একই ধরনের বয়ান তৈরি হয়েছে। প্রশ্ন হলো, ‘দেশপ্রেমিক’ বিশেষণটি কি সাংবিধানিক দায়িত্ব পালনের স্বীকৃতি, নাকি রাজনৈতিক হস্তক্ষেপকে নৈতিক বৈধতা দেওয়ার কৌশল?
গত দুই দশকে বাংলাদেশের রাজনৈতিক সংবাদভাষায় ‘বিক্ষুব্ধ জনতা’ ও ‘দুর্বৃত্ত’ শব্দের ব্যাপক ব্যবহার লক্ষ করা যায়। বিশেষত আওয়ামী লীগ সরকারের আমলেও দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ‘দুর্বৃত্ত’ শব্দটির ব্যবহার ছিল পরিচিত। কিন্তু রাজনৈতিক সহিংসতার সংবাদে নির্বিচারে এমন শব্দ ব্যবহৃত হলে অপরাধীর পরিচয়, সাংগঠনিক সংশ্লিষ্টতা এবং দায়বদ্ধতা আড়াল হওয়ার আশঙ্কা তৈরি হয়। একই ব্যক্তি কখনো ‘আন্দোলনকারী’, কখনো ‘বিক্ষুব্ধ জনতা’, আবার কখনো ‘দুর্বৃত্ত’ পরিচয় নির্ধারিত হয় ঘটনার বর্ণনাকারীর অবস্থান অনুযায়ী। সংবাদ মাধ্যমের নিরপেক্ষতার প্রশ্নটি উত্থাপিত হয়।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক অভিধানে নতুন মাত্রা যুক্ত হয়। ‘ফ্যাসিস্টের দোসর’ হয়ে ওঠে ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করার বহুল ব্যবহৃত বিশেষণ। অথচ রাজনৈতিক সংশ্লিষ্টতা, মতাদর্শগত সমর্থন এবং অপরাধে প্রত্যক্ষ অংশগ্রহণ এক বিষয় নয়। বিগত সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার যেমন জরুরি, তেমনি সেই অভিযোগকে ব্যবহার করে নির্বিচারে কাউকে অপরাধী বানানোও ন্যায়বিচারের পরিপন্থী।
একই সময়ে ‘তৌহিদী জনতা’ এবং ‘প্রেশার গ্রুপ’ শব্দবন্ধ দুটি নতুন রাজনৈতিক গুরুত্ব পায়।
ধর্মীয় মূল্যবোধ রক্ষার দাবিতে সংগঠিত জনগোষ্ঠীকে ‘তৌহিদী জনতা’ বলা হলেও সমালোচকদের মতে, অসংখ্য ঘটনায় এই পরিচয়ের মাধ্যমে মব সন্ত্রাসকে সামাজিক গ্রহণযোগ্যতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানে ‘প্রেশার গ্রুপ’ নাগরিক স্বার্থ আদায়ের বৈধ সংগঠন হলেও বাংলাদেশের সাম্প্রতিক বাস্তবতায় কখনো মব সন্ত্রাসের পরিভাষায হিসেবে উপস্থাপন করা হয়েছে।একসময় যে সুশীল সমাজকে Civil Society বলা হতো, তার কিছু অংশের রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। নাগরিক অধিকারের পরিবর্তে ক্ষমতা, সুবিধা ও রাজনৈতিক আনুগত্য যখন মুখ্য হয়ে ওঠে, তখন Civil Society থেকে Evil Society-তে রূপান্তরিত হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর ‘নিষিদ্ধ ছাত্রলীগ’ ও ‘কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ’ সংবাদ ও রাজনৈতিক বক্তব্যে নিয়মিত ব্যবহৃত হচ্ছে। এসব শব্দবন্ধের মাধ্যমে রাজনৈতিক পরিচয়কে ব্যক্তিগত অপরাধের সমার্থক করে তোলার প্রবণতা উদ্বেগজনক। কারণ সংগঠনের ওপর নিষেধাজ্ঞা এবং কোনো ব্যক্তির অপরাধ প্রমাণ সম্পূর্ণ পৃথক বিষয়।
রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এসবই রাজনৈতিক বয়ান নির্মাণের প্রক্রিয়া। একই প্রতিবাদ একসময় ‘গণআন্দোলন’, অন্যসময় ‘নৈরাজ্য’; একই ব্যক্তি কারও কাছে ‘স্বাধীনতাকামী’, অন্যের কাছে ‘বিচ্ছিন্নতাবাদী’। ক্ষমতার অবস্থান বদলালে শব্দের রাজনৈতিক অর্থও বদলে যায়।
মূল প্রশ্ন হলো, এসব শব্দ কাকে সুরক্ষা দেয়, কাকে অভিযুক্ত করে এবং কার অপরাধ আড়াল করে? এগুলো কি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে, নাকি অপরাধকে বৈধতা দিয়ে নৈরাজ্যের পথ প্রশস্ত করে?আমার আশঙ্কা, রাজনৈতিক শব্দ যখন আইনের বিকল্প হয়ে ওঠে, তখন তা অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি তৈরি করতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো রাজনৈতিক বিশেষণই অপরাধের প্রমাণ কিংবা বিচারবহির্ভূত শাস্তির অনুমোদন হতে পারে না।কারণ শব্দের কিংবা রাজনৈতিক বয়ানের আড়ালে অপরাধীকে সুরক্ষা দেওয়া এবং শব্দের মাধ্যমে নিরপরাধকে অপরাধী বানানো, উভয়ই ন্যায়বিচারের পরিপন্থী।
লেখক: শিক্ষক, ইউনিভার্সিটি অফ নটরডেম অস্ট্রেলিয়া।
