শাহিন ভূঁইয়া


মানুষ প্রকৃতির সৌন্দর্য দেখতে ভালোবাসে। প্রকৃতির সেই সৌন্দর্য ঘিরে মানুষ স্বপ্ন বোনে। স্বপ্নপূরণে পাড়ি দেয় বহু দূরপথ। ব্যয় করে সময়, শ্রম, অর্থ, সামর্থ্য। তবু আকাঙ্ক্ষার দীপ নিভতে দেয় না।অজানার টান মানুষকে দূরে টেনে আনে। নাদেখার বাসনা জাগায় নতুন নতুন যাত্রা। প্রকৃতির কাছে মানুষ বারবার ফিরে আসে। বাংলাদেশের সর্বোউত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া। সেখান থেকে কখনো দেখা মেলে হিমালয়। আকাশ পরিষ্কার থাকলে দূরে ভেসে ওঠে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ বিশাল পর্বতশৃঙ্গ। সেই দৃশ্য দেখার আশায় পর্যটকেরা আসেন। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন।

কারও যাত্রা দীর্ঘ, প্রস্তুতি চলে বহুদিন। কারও চোখে থাকে বহুদিনের লালিত স্বপ্ন। কারও মনে প্রথম দর্শনের গভীর আকুলতা। কেউ পরিবার নিয়ে আসেন, কেউ একা। কেউ বন্ধুদের সঙ্গে ভাগ করেন আনন্দ। সবার প্রত্যাশা একে, একবার দেখা চাই। কিন্তু প্রকৃতি মানুষের ইচ্ছাধীন নয় কখনোই। মানুষের পরিকল্পনা থাকলেও প্রকৃতির নিজস্ব নিয়ম। মেঘ এসে ঢেকে দেয় দূরের পাহাড়। কুয়াশা আড়াল করে রাখে তুষারঢাকা চূড়া। প্রতিকূল আবহাওয়ায় অধরা থাকে কাঙ্ক্ষিত দৃশ্যটি।তখন অপেক্ষাই হয়ে ওঠে একমাত্র অবলম্বন। কেউ অপেক্ষা করেন দুদিন, কেউ তিনদিন।কেউ কাটিয়ে দেন চারটি দীর্ঘ দিন।

প্রতিটি সকাল নতুন আশার আলো নিয়ে আসে। প্রতিটি বিকেল নতুন অনিশ্চয়তা সামনে এনে দাঁড়ায়।দূর আকাশের দিকে তাঁকিয়ে থাকেন সবাই। মেঘ সরবে, পাহাড় দেখা দেবে—এই প্রত্যাশায়। কখনো রোদ ওঠে, তবু মেঘ কাটে না। কখনো দিগন্ত পরিষ্কার হয়, আবার ঢেকে যায়। প্রতীক্ষার সময় তখন দীর্ঘতর মনে হয়। অপেক্ষার প্রতিটি মুহূর্তে বাড়ে মনের টান। তবু কাঙ্ক্ষিত দৃশ্য ধরা দেয় না।শেষ পর্যন্ত অনেকেই ফিরে যেতে বাধ্য হন। চোখে দেখা হয় না স্বপ্নের কাঞ্চনজঙ্ঘা। সঙ্গে নিয়ে ফেরেন না-পাওয়ার নীরব বেদনা। ফিরতি পথেও মনে বাজে সেই প্রশ্ন। এত দূর এসে দেখা হলো না! অর্থ, সময়, শ্রম—সবই যেন অপেক্ষায় রইল। তবু তাঁদের যাত্রা একেবারে বৃথা নয়।

তেঁতুলিয়ার প্রকৃতি, মানুষ, পথও স্মৃতি হয়ে থাকে। কিন্তু কাঙ্ক্ষিত শৃঙ্গের অভাব থেকেই যায়।
আরও বিস্ময়কর, কেউ কেউ আবার ফিরে আসেন।প্রথমবারের অপূর্ণতা তাঁদের মন থেকে যায় না।নতুন করে স্বপ্ন সাজান, পরিকল্পনা করেন। আবারও সময় ও অর্থ ব্যয় করেন। আবারও ছুটে আসেন সেই দূর জনপদে। মনে জাগে এবার নিশ্চয় দেখা মিলবে। কিন্তু প্রকৃতি এবারও মুখ ফিরিয়ে রাখতে পারে। দ্বিতীয়বার এসেও অধরা থাকে কাঞ্চনজঙ্ঘা কখনো।তখন হতাশা আরও গভীর হয়ে ওঠে। তবু কারও মনে আশা পুরো মরে না। হয়তো কোনো একদিন দেখা মিলবেই—এই বিশ্বাসে। এই অপেক্ষার ভেতরেই লুকিয়ে থাকে গল্প।

মানুষের স্বপ্ন কি কেবল পূরণেই মূল্যবান? অপূর্ণতার কি কোনো নিজস্ব সৌন্দর্য নেই? না-পাওয়ার স্মৃতিও কি জীবনকে সমৃদ্ধ করে? প্রশ্নগুলো মনে ঘুরে ফিরে আসে বারবার। যাঁরা ফিরে যান, তাঁদের অনেকেই হয়তো জীবনের ব্যস্ততায় আর ফিরতে পারবেন না। কর্ম, সংসার, দূরত্ব তাঁদের আটকে দিতে পারে। সময়ের সীমা কিংবা আর্থিক বাস্তবতাও বাধা। সুযোগ এলেও হয়তো আর যাত্রা হবে না।
তখন বুকের গভীরে জমে থাকবে আক্ষেপ। একটি দেখা না-হওয়ার গল্প বয়ে বেড়াবেন। সেই গল্প হয়তো কাউকে বলা হবে না। তবু স্মৃতির ভাঁজে থেকে যাবে তেঁতুলিয়া। থেকে যাবে দূরের পাহাড় দেখার আকুলতা। কাঞ্চনজঙ্ঘা তাই শুধু পর্বতের নাম নয়। এটি কারও কাছে সৌন্দর্যের এক প্রতিশ্রুতি। কারও কাছে দীর্ঘ প্রতীক্ষার নীরব অধ্যায়। আবার কারও কাছে অপূর্ণ স্বপ্নের দীর্ঘশ্বাস। কারও কাছে ফিরে আসার অদম্য প্রেরণা। কারও কাছে প্রকৃতির অমোঘ স্বাধীনতার শিক্ষা।

প্রকৃতি কাউকে প্রতিশ্রুতি দিয়ে সৌন্দর্য দেখায় না। তার নিজস্ব সময়, নিজস্ব মেজাজ, নিজস্ব ভাষা।
মানুষ কেবল সেই সৌন্দর্যের অপেক্ষা করতে পারে। আশা বুনতে পারে, পথের দিকে তাকিয়ে থাকতে পারে।কিন্তু কখন মেঘ সরে যাবে, জানে না। কখন তুষারশৃঙ্গ আলোয় ঝলমল করবে, জানে না। সেই সিদ্ধান্ত মানুষের হাতে থাকে না। তাই অপেক্ষার মধ্যেও বিনয় শেখায় প্রকৃতি। শেখায়, সব আকাঙ্ক্ষা পূরণ হয় না। সব যাত্রার শেষে কাঙ্ক্ষিত দৃশ্য মেলে না। তবু যাত্রার আনন্দ মুছে যায় না। অভিজ্ঞতা হয়ে থাকে জীবনের মূল্যবান সম্পদ। তেঁতুলিয়ার আকাশে প্রতিদিন প্রতীক্ষা জেগে থাকে।পর্যটকের চোখে থাকে দূর দিগন্তের খোঁজ। কেউ দেখে ফিরে যান পরিতৃপ্ত মনে। কেউ ফেরেন না-দেখার বেদনা বুকে নিয়ে। কেউ আবার ফেরার প্রতিজ্ঞা করেন মনে। স্বপ্নের টানেই মানুষ পথ খুঁজে ফেরে। অপূরণীয় আকাঙ্ক্ষাও কখনো যাত্রার প্রেরণা হয়।

কাঞ্চনজঙ্ঘা তাই অপেক্ষারও আরেক নাম হয়ে থাকে।দেখা হোক কিংবা না-হোক, স্বপ্ন বেঁচে থাকে।
সেই স্বপ্নই মানুষকে আবার পথে ডাকে। প্রকৃতির কাছে মানুষের চাওয়া সীমাহীন, অথচ প্রকৃতির দান আসে তার নিজের সময়ে। এই সত্য মেনেই মানুষ অপেক্ষা করে। তেঁতুলিয়ার দিগন্ত তাই আশার জানালা হয়ে থাকে। হয়তো আগামী সকাল খুলে দেবে সেই জানালা। হয়তো আবার মেঘ ঢেকে রাখবে সবকিছু। তবু মানুষ আসবে, তাকাবে, অপেক্ষা করবে। কারণ স্বপ্ন দেখাই মানুষের চিরন্তন স্বভাব।

লেখক: প্রাবন্ধিক, সাধারণ সম্পাদক দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ, বরিশাল।