চাটমোহরের বিভিন্ন বিলে বিষ প্রয়োগে মাছ নিধন
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করছে বলে অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহে অন্ততঃ ৫টি বিল-জলাশয়ে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে করে বিল ও জলাশয়ের সব ধরণের মাছ মরে ভেসে উঠছে। ক্ষতির স্বীকার হয়েছেন মৎস্যচাষি ও জলাশয়ের মালিকরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী আফরার বিলে কেবা কারা বিষ প্রয়োগ করে। সকালে এলাকার লোকজন মড়া মাছ ভাসতে দেখেন। এলাকার লোকজন জানান, গোটা বিলের মাছ মরে ভেসে উঠেছে।
এদিকে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নলগাড়ি বিলে শাহপুর গ্রামের আয়াত আলীর ছেলে বাবলু মিয়ার ১ একর জলাশয়ে কেবা কারা বিষ প্রযোগ করে। এতে বাবলুর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে বাবলু চাটমোহর থানায় একটি অভিযোগও দিয়েছেন। এছাড়া উপজেলার কিনু সরকারের জোলা, ডিকশি বিল, বগা বিলসহ বিভিন্ন বিল ও জলাশয়ে দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এতে মৎস্যচাষি ও জলাশয়ের মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন জানান, প্রতি বছরই এসব বিল ও জলাশয়ে প্রাকৃতিগতভাবেই দেশীয় মাছ উৎপাদন হয়। জলাশয় কিংবা বিলের ডোবার মালিকরা তা সংরক্ষণ করেন। পরে বাজারে বিক্রি করে দেশি মাছের চাহিদা মেটায়। এভাবে মাছ নিধন কারও কাম্য নয়। যারা জড়িত, তাদের চিহ্নিত করা দরকার। জনগণকে সচেতন হতে হবে।
(এসএইচ/এসপি/নভেম্বর ২০, ২০২৬)
