আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে অন্যায্য বললো মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত যে রায় দিয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। শুক্রবার এই রায়কে মিয়ানমার ‘অন্যায্য’ বলে আখ্যা দিয়েছে। খবর রয়টার্স।
সরকারি মুখপাত্র খাইং খাইং সোয়ে জানিয়েছেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না এবং মিয়ানমারের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে।
এই রায়ের মাধ্যমে আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করল। গাম্বিয়া দায়ের করা মামলার সাত বছর পর এই রায় এল।
খাইং খাইং সোয়ে রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছিল। আমি বলতে চাই যে এই সিদ্ধান্তটি সবার সর্বসম্মত সিদ্ধান্ত নয়, এটি ন্যায্য নয়।”
বিচারকরা দেখতে পেয়েছেন যে, মিয়ানমারের সেনাবাহিনী তথাকথিত অভিযানের নামে পুরুষ ও কিশোরদের গণহারে হত্যা করেছে, রোহিঙ্গা নারীদের ওপর ব্যাপক হারে ধর্ষণ ও যৌন সহিংসতা চালিয়েছে এবং শত শত গ্রাম পুড়িয়ে বা ধ্বংস করে দিয়েছে।
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে দীর্ঘকাল ধরে নিপীড়নের শিকার হওয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গারা তাদের যুদ্ধবিধ্বস্ত মাতৃভূমিতে ক্রমবর্ধমান সহিংসতার মুখোমুখি হচ্ছে। পাশাপাশি, প্রতিবেশী বাংলাদেশে অবস্থিত জনাকীর্ণ শরণার্থী শিবিরগুলোতে তাদের জীবনযাত্রার পরিস্থিতি আরো শোচনীয় হয়ে পড়েছে; সেখানে বর্তমানে ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে।
(ওএস/এএস/নভেম্বর ২১, ২০২৬)
