বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। ইতোমধ্যেই দর্শক ভোটে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

সামনে দেশের মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়ে বিশ্বমঞ্চে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন মাহি।

একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিযোগিতায় দেশের মানুষের প্রত্যাশা ও সেই চাপ সামলানোর বিষয়ে কথা বলেন তিনি।
মাহির কাছে জানতে চাওয়া হয়, দেশের মানুষ প্রতি মুহূর্তে তার দিকে তাকিয়ে আছেন, বিষয়টি তিনি কীভাবে দেখছেন?

জবাবে এই মডেল বলেন, ‘একটা চাপ অবশ্যই কাজ করে। তবে আমি এটাকে চাপের চেয়ে ভালোবাসা ও দায়িত্ব হিসেবে দেখতে চাই।
জানি, বাংলাদেশের অসংখ্য মানুষ আমাকে সমর্থন করছেন, আমার জন্য দোয়া করছেন। তাদের প্রত্যাশা আমাকে আরও অনুপ্রাণিত করে।
শেষ পর্যন্ত কী হবে জানি না, তবে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। ফলাফল যা-ই হোক, দেশের মানুষ যেন আমাকে নিয়ে গর্ব করতে পারেন। আমি শুধু নিজের জন্য নয়, পুরো দেশের জন্য এখানে এসেছি।’

মিস ইউনিভার্সের মুকুট জিতলে নারীদের শিক্ষা, ক্ষমতায়ন ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরির কথা জানান মাহি।

তিনি বলেন, ‘মূলত নারীদের শিক্ষা, ক্ষমতায়ন ও নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি নিয়ে কাজ করতে চাই। আমাদের দেশে অনেক মেধাবী মেয়ে আছে, স্বপ্নও আছে, কিন্তু সুযোগের অভাবে এগোতে পারে না। প্রতিটি মেয়ে যেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, নিজের পরিচয় গড়তে পারে, স্বপ্ন পূরণের সাহস পায়, এটাই চাই।’

২০১৮ সাল থেকে বিভিন্ন মানবিক ও দাতব্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বলেও জানান তিনি। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারকে সহায়তা এবং শিশু ও বয়স্কদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মের মাধ্যমে এসব কার্যক্রম আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চান মাহি।

তার ভাষায়, ‘আমার কাছে মিস ইউনিভার্স হওয়া শুধু মুকুট পাওয়া নয়, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ।’

এদিকে ৩০ প্রতিযোগীর মধ্যে মাহি থাকলেও এটি চূড়ান্ত ফল নয়, বরং চলমান ভোটের সর্বশেষ অবস্থান। তাই প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও এগিয়ে নিতে ভোট অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে আয়োজকরা।

ভোট দিতে প্রথমে অ্যাপ স্টোর অথবা গুগল প্লে থেকে ‘এমইউ ফ্যান’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। এরপর অ্যাপের ‘ভোট’ বিভাগে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে বিনা মূল্যে ভোট দেওয়া যাবে। চাইলে বিনা মূল্যের ভোটের পাশাপাশি অর্থের বিনিময়েও ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

এ ছাড়া অ্যাপটিতে বিভিন্ন গেম খেলে পয়েন্ট সংগ্রহের ব্যবস্থাও রয়েছে। এসব পয়েন্ট ব্যবহার করে প্রতিযোগীর প্রতি সমর্থন জানাতে পারবেন ভক্তরা।

মিস ইউনিভার্স বাংলাদেশের পক্ষ থেকে সামিরা খান মাহির জন্য ভোট দিতে, প্রচারণা চালাতে এবং অন্যদের সঙ্গে তথ্যটি ভাগ করে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। চূড়ান্ত ফল প্রকাশের আগ পর্যন্ত ভোটের লড়াইয়ে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে সমর্থকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে আয়োজকরা।

বলে রাখা যায়, এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ পুয়ের্তো রিকোতে। আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে গত ৮ নভেম্বর দেশ ছেড়েছেন মাহি। এরপর ১১ নভেম্বর শুরু হয়েছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। এতে বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের চূড়ান্ত আয়োজন।

(ওএস/এএস/নভেম্বর ২১, ২০২৬)