বিএনপির দুই নেতা হত্যার জের
নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা সাবেক সংসদ সদস্য, সাবেক মেয়রসহ আওয়ামী লীগ নেতাদের ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার বাড়িগুলোর মধ্যে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িও রয়েছে।
পুলিশ জানিয়েছে, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ লোকজন এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাঁদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কালিয়া মডেল মসজিদে নিহত দুই নেতার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে শুক্রবার দুপুরে নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, নড়াইলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কবর জিয়ারত শেষে শুক্রবার সন্ধ্যায় কালিয়ার বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ জনতা বিভিন্ন বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলার শিকার বাড়িগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় ৫০ থেকে ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ভুক্তভোগী পরিবারের সদস্যরা শনিবার মামলা করতে থানায় আসবেন বলে কথা রয়েছে। হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলেও জানান তিনি।
(আরএম/এসপি/নভেম্বর ২১, ২০২৬)
