জামালপুরে মহান সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা
রাজন্য রুহানি, জামালপুর : মহান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সর্বদা আমরা, দেশের তরে’ শ্লোগানকে সামনে রেখে দিবসটির তাৎপর্য তুলে ধরা, প্রাক্তন সৈনিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও কল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে সভায় করা হয়েছে বিস্তর আলোচনা।
আজ শনিবার সকালে শহরের তমালতলার পিলখানায় জেলা সশস্ত্র বাহিনী (অবসরপ্রাপ্ত) সৈনিক সংস্থার উদ্যোগে সংস্থার নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সশস্ত্র বাহিনী (অবসরপ্রাপ্ত) সৈনিক সংস্থার সভাপতি আলহাজ মো. নুরুল ইসলাম চৌধুরী ননীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য েদন অনুষ্ঠানের প্রধান অতিথি অনারারি ক্যাপ্টেন (অব.) মো. ফজলুল হক।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অনারারি ক্যাপ্টেন (অব.) মো. মাহাবুবুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আসাদুজ্জামান এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মেহেদী মোহাম্মদ মাহবুবুল হক মিলকী, প্রাক্তন সৈনিক সংস্থার উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) ওয়াহাব মোল্লা, মেলান্দহ উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব.) মো. আব্দুল্লাহ, ইসলামপুর উপজেলা শাখার সভাপতি, মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) হুমায়ূন কবীর, ওয়ারেন্ট অফিসার (অব.) মো. নাসির, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. লিয়াকত আলী প্রমুখ।
বক্তারা বলেন- মহান সশস্ত্র বাহিনী দিবস দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। দেশের যেকোনো সংকট ও দুর্যোগে সশস্ত্র বাহিনীর সদস্যরা নিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবন শেষে অবসরে গেলেও প্রাক্তন সৈনিকদের মধ্যে সেই শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার চেতনা অটুট রাখতে হবে।
তারা আরও বলেন- প্রাক্তন সৈনিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করা অত্যন্ত জরুরি। একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম ও শৃঙ্খলার আদর্শ তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি প্রাক্তন সৈনিকদের কল্যাণ, অধিকার ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার অর্থ সম্পাদক মো. ফারুকুজ্জামান। আলোচনা সভায় সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রাক্তন সৈনিকরা উপস্থিত ছিলেন।
(আরআর/এসপি/নভেম্বর ২১, ২০২৬)
