টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিষ্কার করছেন সর্বস্তরের মানুষ
গোপালগঞ্জ প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন দাবি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে চলছে পরিষ্কার-পরিছন্নতার কাজ।
আজ শনিবার সকালের দিকে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম স্থানীয়দের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ ধোয়া-মোছার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ শত শত সাধারণ মানুষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।
সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য শিশু, সাধারণ মানুষ, মহিলা ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা সামগ্রী নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ধোয়া মোছার কাজ করছেন। তখন তাদের কাছে জানতে চাইলে অংশগ্রহণকারীরা জানান, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনা থেকে নয়, বরং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি ভালোবাসা থেকেই সকাল থেকে সমাধি সৌধের প্রাঙ্গন পরিষ্কার করছেন। কারণ ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া ফিরেই দেখতে পারেন তার পিতার সমাধি টুঙ্গিপাড়াবাসী আগের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন রেয়েছে।
ডুমরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিন মোর্তুজা বলেন, জাতির পিতার সমাধি সৌধে দীর্ঘ ২৭ মাস ধরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন অন্যায় অবিচার করে আমাদের দাবিয়ে রাখা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে আসবনে। এটিকে কেন্দ্র করে আজকে সমাধি কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। এই কাজ সরকারিভাবে করা হচ্ছে না। সাধারণ জনগণ ভালোবেসে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিছন্ন করছেন।
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক বলেন, আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনবো, এই শপথ নিয়ে আমরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ পরিষ্কার করছি। যাতে আমাদের নেত্রী টুঙ্গিপাড়া এসে দেখতে পারেন জাতির পিতার সমাধি সৌধ ঝকঝক করছে। এছাড়া যতদিন বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না আসবে, ততদিন আমাদের লড়াই সংগ্রাম চলমান থাকবে।
টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম বলেন, ইউনূস ও তারেক রহমানের সরকার বঙ্গবন্ধুর সমাধি সৌধ বন্ধ করে রেখেছিলো। আজ যখন গোপালগঞ্জ স্বাধীন, আমরা এসে দেখি সমাধিসৌধের অবস্থা খুবই জরাজীর্ণ। যে স্থানে একটা পাতা পড়লে সরিয়ে নেওয়া হতো সেই স্থান ময়লা আবর্জনায় ভরপুর। তখন বিভিন্ন গ্রাম থেকে আপামর জনতা এসে শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে।
এ বিষয়ে পুলিশ বা প্রশাসনের সাথে যোগাযোগের চেষ্টা কারো কোন বক্তব্য পাওয়া যায়নি।
(টিবি/এসপি/নভেম্বর ২১, ২০২৬)
