ক্ষোভ আর জনরোষের পরিণতি
চৌধুরী আবদুল হান্নান
মানুষের মনে জমে থাকা দীর্ঘদিনের পুন্জিভৃত ক্ষোভ কীভাবে বহিঃপ্রকাশ ঘটে তা আমরা ইতিহাসে দেখি, বেশি দূরের ইতিহাসও নয়। ইউরোপের দেশ রোমানিয়ার স্বৈরশাসক নিকোলাই চৌশেস্কু (১৯১৮–১৯৮৯) এর জন্ম দরিদ্র কৃষক পরিবারে, মাত্র ১১ বছর বয়সে জীবিকার তাগিদে কারখানায় শ্রমিকের কাজ শুরু করেছিলেন তিনি। শ্রমিক জীবন থেকে রাষ্ট্রীয় ক্ষমতার চূড়ায় আরোহণের কাহিনী যেমন বিস্ময়কর, ক্ষমতায় বসে তার স্বেচ্ছাচারিতা ছিল আরও ভয়ঙ্কর। রাষ্ট্রের একচ্ছত্র ক্ষমতা পেলে মানুষ কী না করে! তিনি স্ত্রীকেও রাজক্ষমতার কেন্দ্রে নিয়ে এলেন, তাদের চারপাশে এক বিশাল তোষামোদকারী গোষ্ঠী গড়ে তোলেন। তার ও স্ত্রীর পরিবারের সদস্যদেরও সরকারের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। জনগণের মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে দমন করেন এবং সে লক্ষ্যে নিজস্ব গোপন পুলিশ বাহিনী গড়ে তুলেছিলেন তিনি।
২৪ বছরের লৌহকঠিন এক নায়কের স্বৈরশাসনের শেষ দিকে সরকার বিরোধী চলমান আন্দোলন এক সময় দ্রুত রাজধানী বুখারেস্টসহ সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্দোলন যখন তুঙ্গে চৌশেস্কু নিরাপত্তা বাহিনীকে বিদ্রোহীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন কিন্ত তারা সে নির্দেশ পালন করনি এবং সেনাবাহিনীও জনগণের পক্ষ নেয়।
১৯৮৯ সালের ২২ ডিসেম্বর তিনি স্ত্রী এলেনাকে নিয়ে হেলিকপ্টারে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন কিন্ত শেষ রক্ষা হয়নি, ধরা পড়েন।
একটি সামরিক আদালতের সংক্ষিপ্ত বিচারে গণহত্যা ও রাষ্ট্রের অর্থ পাচারের দায়ে দোষী সাব্যস্ত করে ১৯৮৯ সালের ২৫ ডিসেম্বর তাদের দুজনকে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশব্যাপী বিক্ষুব্ধ জনতার ক্ষোভ ও রোষানল প্রশমণের জন্য তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার দৃশ্য টেলিভিশনে লাইফ প্রচার করা হয়েছিল।
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পতিত নেতা মুয়াম্মার গাদ্দাফি (১৯৪২–২০১১), একজন নিষ্ঠুর স্বৈরশাসক ছিলেন। কীভাবে একজন দরিদ্র বেদুইন পরিবারের সন্তান হয়ে উঠলেন লিবিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী?
তার ৪২ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে ইতিহাসের এক অত্যন্ত নিষ্ঠুর রক্তপাতের মাধ্যমে। বিদ্রোহীদের গুলাগুলিতে তার দেহরক্ষীরা একপর্যায়ে নাস্তানাবুদ হয়ে পড়লে গাদ্দাফি গুলিবিদ্ধ হয়ে একটি ড্রেনের বড় পাইপের মধ্যে ঢুকে পড়ে আশ্রয় নেন। এ অবস্থায় তাকে অসংখ্য গুলি করে হত্যা করা হয় এবং মরদেহ তার জন্ম শহর মিসরাতা শহরে নিয়ে প্রদর্শন করা হয়। একটি বিপণিবিতানে স্বল্প বসনে কয়েকদিন ঝুলিয়ে রাখা হয়। এমন নিষ্ঠুর, একনায়ক, স্বৈরশাসকদের কলঙ্কের অধ্যয় রয়েছে ইতিহাসের পাতায় পাতায়।
এখানে স্মরণে আসে ইরানের মোহাম্মদ রেজা শাহ পাহলভি (রাজত্বকাল ৩৭ বছর), ফিলিপাইনের ফার্দিনান্দ মার্কোস (রাজত্বকাল ২০ বছরের অধিক) এবং এমন অনেক দীর্ঘ মেয়াদি শাসকের কথা। তবে ইতিহাসের একটি বড় শিক্ষা “যেমন কর্ম তেমন ফল”, এক সময় তাদের নির্মম পরাজয় এবং অবশেষে জনগণেরই বিজয়।
মানুষের মনে জমে থাকা ক্ষোভ সময়মতো প্রশমিত না হলে, এক সময় তা বিস্ফোরিত হবে, বাংলাদেশে এখন আমরা যা প্রত্যক্ষ করছি। এর বীজ বপন হয়েছিল ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে, একটি বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে।
দেশের অনেক বিচক্ষণ রাজনীতিক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে একমত ছিলেন না, তাদের মত ছিল যারা গণহত্যায় জড়িত, দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতকারী বা অন্যান্য বড় অপরাধে জড়িত, কেবল তাদের বিচার করা। তাতে জনগণের, এমন কি নিষিদ্ধ দলটির তৃণমূলের কর্মীদেরও সমর্থন পাওয়া যেত, কিন্ত ভুল সিদ্ধান্তের কারণে তাদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হওয়া অস্বভাবিক নয়। এ অবস্থায় তারা যদি দেশে চলমান অরাজকতা, সহিংসতা সৃষ্টিকারীদের সাথে দলগতভাবে যোগ দেয়, তাতে বিস্মিত হওয়ার কিছু থাকবে না।
একজন অরাজনৈতিক ব্যক্তি নোবেল লরিয়েট ড. ইউনূসের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের খেচারত দিয়ে চলেছে বাংলাদেশ।
বিশ্বব্যাপী তার ব্যাপক পরিচিতি আছে, খ্যাতিও। জীবনে পেয়েছেনও অনেক, দীর্ঘদিনের বড় সখ ছিল রাষ্টপ্রধান বা সরকার প্রধান হওয়ার, তাও পূরণ হয়েছে কিন্ত মূল্য দিচ্ছে দেশ।
ড. ইউনূসের অদূরদর্শিতার ফলে দেশে হিংসা আর প্রতিশোধের নোংরা রাজনীতির বীজ রোপন করা হয়েছে।
বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত ছড়িয়ে পড়া অস্থিরতা, সহিংসতা কীভাবে মোকাবিলা করবে, তা একটা বড় প্রশ্ন। শক্তি প্রয়োগ করে গণবিক্ষোভ দমন করা যায় না, তাতে জনরোষ আরও বৃদ্ধি পায়। রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে তা করতে হবে।
আশার কথা, গত ১৫ নভেম্বর গোপালগন্জের টুঙ্গিপাড়া থানা আক্রমণ ও অগ্নিসংযোগের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক পাল্টা বল প্রয়োগ করেনি, বরং ধৈর্যের সাথে মোকাবিলা করেছে।
এভাবে বিচক্ষণতার সাথে এবং রাজনৈতিকভাবে সংক্ষুব্ধ পক্ষগুলোর সাথে আলোচনার মাধ্যমে ক্ষোভ, জনরোষ দ্রুত নিরসনের উদ্যোগ নিতে হবে এবং এটাই একমাত্র পথ।
লেখক : অবসরপ্রাপ্ত ডিজিএম, সোনালী ব্যাংক।
