চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্র সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ তিন ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতের দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, চাটমোহর উপজেলা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন ও ছাত্রলীগের সক্রিয় সদস্য বড়শালিখা গ্রামের রাশেদুল ইসলাম।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, চাটমোহরে নাশকতার উদ্দেশ্যে হরিপুর ও গুনাইগাছা এলাকায় ছাত্রলীগের অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানার পর অভিযান চালায়। এ সময় হরিপুর এলাকা থেকে হুমায়ূনকে এবং গুনাইগাছা এলাকা থেকে রাসেল হোসেন ও রাশেদুল ইসলামকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। তাদের গ্রেফতার দেখানো হয়েছে। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
(এসএইচ/এসপি/নভেম্বর ২২, ২০২৬)
