কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
বাগেরহাট প্রতিনিধি : রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে যোগ দিতে রবিবার সকালে দশ সহস্রাধিক হিন্দু তীর্থ যাত্রী সুন্দরবনের শরণখোলার রেঞ্জের দুবলার চরে গেছেন। আগামী মঙ্গলবার ভোরের সাগরের প্রথম জেয়ারে পুণ্যস্নানের মধ্য তিন দিনের রাসপূজা ও পুণ্যস্নান শেষ হবে। তবে, রাস পুণ্যস্নানে এবারও হচ্ছে না ঐতিহ্যবাহী রাসমেলা। শত বছর আগে ১৯২৩ সালে সাধু হরিভজন রাসপূর্ণিমার ভোরে জোয়ারে সাগরের লোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে পাপমোচন ও মঙ্গল কামনায় দুবলার এই রাসপূর্ণিমায় পূজা ও পুণ্যস্নান শুরু করেন।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও রেজাউল করিম চৌধুরী জানান, রবিবার (২২ নভেম্বর) দুপুর পর্যন্ত বন বিভাগের পাশ নিয়ে চাঁদপাই ষ্টেশন থেকে ২৯৪টি নৌযানে ৬ হাজার ২০৯ জন, ঢাংমারী ষ্টেশন থেকে ১১১টি নৌযানে ২ হাজার ৩৭১ জন ও সুন্দরবন পশ্চিম বিভাগ থেকে আরো ১ হাজার ৫০০ জন তীর্থ যাত্রী দুবলার চরে রওয়ানা দিয়েছেন। রাস পুণ্যস্নানকে সামনে রেখে কেউ যাতে হরিণ শিকার না করতে পারে সেজন্য নেয়া হয়েছে কঠোর নজরদারি। বনরক্ষী, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম শুরু করেছে।
সুন্দরবনে রাস পুণ্যস্নান উদ্যাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে জানান, প্রতি বছরের ন্যায় এবারও দুবলারচরে সনাতন ধর্মাবলম্বীদের রাস পুণ্যস্নানের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই অস্থায়ী মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করা হয়েছে। তিথি অনুযায়ী সোমবার রাতে অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দিরে পূজা-অর্চনা, ভজন, কীর্তন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ভোওে পূণ্যার্থীরা সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান করে তারা বাড়ীর পথে রওয়া হবেন।
(এস/এসপি/নভেম্বর ২২, ২০২৬)
