বিনোদন ডেস্ক : নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু দুরারোগ্য ক্যান্সার ও কিডনী জটিলতায় আক্রান্ত। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তার চিকিৎসার মানবিক সাহায্যার্থে আগামী ২৮ নভেম্বর শনিবার বিকাল ০৪:৪৫ মিনিটে নুরুল আলম আতিক (মাতিয়া বানু শুকুর স্বামী) পরিচালিত ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে চ্যানেল আই-এর পর্দায়। 

এই বিশেষ প্রদর্শনীর বিজ্ঞাপন আয়ের সমুদয় অর্থ তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে। মেধাবী এই নির্মাতার চিকিৎসার জন্য বিজ্ঞাপন দাতা ও শুভাকাক্সিক্ষদের পাশে থাকার বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

মাতিয়া বানু শুকু’র উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘যেখানে সীমান্ত তোমার,’ ‘প্রজ্ঞা পারমিতা’, ‘গোল্লাছুট’-এর মতো টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটক। তিনি ভাষাসৈনিক আবদুল মতিন-এর জ্যেষ্ঠ কন্যা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেধাবী এই প্রযোজক, পরিচালক দীর্ঘদিন ধরে ক্যান্সার ও কিডনী জটিলতায় ভুগছেন।

(পিআর/এসপি/নভেম্বর ২৩, ২০২৬)