স্বাধীনতার প্রথম রাজবন্দী থেকে উপেক্ষিত বীর
মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস কেবল বীরত্ব ও বিজয়ের গল্প নয়; এর সাথে জড়িয়ে আছে রাষ্ট্রীয় অবিচার, ষড়যন্ত্র এবং কিছু অনালোকিত বীরের নির্মম বহিষ্কারের করুণ ইতিহাস। মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের বীর কমান্ডার মেজর (অব.) এম. এ. জলিল এমনই এক উপেক্ষিত নক্ষত্র, যিনি যুদ্ধের ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছেন, কিন্তু স্বাধীন দেশে এসে নিজেরই সেনাবাহিনী ও রাষ্ট্রীয় কাঠামোর অহংবোধ ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আজীবন সততার সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করা এই বীর সন্তানকে মরণোত্তর ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা আজ জাতির অন্যতম বড় নৈতিক দায়িত্ব।
জন্ম ও প্রাথমিক জীবন: প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই
১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি বরিশাল জেলার উজিরপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন মেজর জলিল। জন্মের মাত্র তিন মাস আগে পিতা মারা যাওয়ায় তিনি জন্মগ্রহণ করেন এতিম হয়ে। মায়ের স্নেহ-ভালোবাসাই ছিল তার জীবনের একমাত্র পাথেয়। ১৯৬০ সালে উজিরপুর ডব্লিউবি ইনস্টিটিউশন থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিক পাস করার পর স্কুলজীবনেই ‘পথের কাঙাল’ ও ‘রীতি’ নামে দু’টি উপন্যাস লেখেন, যা দুর্ভাগ্যবশত হারিয়ে যায়। ১৯৬১ সালে ইয়াং ক্যাডেটে ভর্তি হয়ে পাকিস্তানের মারিতে প্রশিক্ষণ নেন এবং ১৯৬৫ সালে কমিশন লাভ করে সেনাবাহিনীতে যোগ দেন। ওই বছরই ভারত-পাকিস্তান যুদ্ধে ১২ নম্বর বেঙ্গল রেজিমেন্টের অফিসার হিসেবে অংশ নেন। ১৯৬৬ সালে পাকিস্তান সামরিক একাডেমি থেকে গ্র্যাজুয়েশন শেষে মুলতান থেকে ইতিহাসে এমএ ডিগ্রি অর্জন করেন।
মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা: ৯ নম্বর সেক্টরের বীর কমান্ডার
১৯৭১ সালের ১০ ফেব্রুয়ারি অসুস্থ মাকে দেখতে এক মাসের ছুটিতে বাড়ি ফেরার পর ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হামলার পর তিনি আর পশ্চিম পাকিস্তানে ফিরে যাননি। মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণার আহ্বানে সাড়া দিয়ে ২৬ মার্চই তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন এবং বরিশাল অঞ্চলের ইপিআর, পুলিশ, আনসার ও তরুণদের সংগঠিত করেন। মুজিবনগর সরকার গঠনের পর খুলনা ও বরিশাল অঞ্চল নিয়ে গঠিত ৯ নম্বর সেক্টরের অধিনায়কত্ব পান। তার নেতৃত্বে ২৪ এপ্রিল পর্যন্ত বরিশাল ও পটুয়াখালী মুক্তাঞ্চল হিসেবে টিকে ছিল। ৭ এপ্রিল খুলনা রেডিও সেন্টার মুক্ত করার দুঃসাহসিক অপারেশন তিনিই পরিচালনা করেন। জেনারেল ওসমানীর ‘সম্মুখ আক্রমণ’ এর চেয়ে তিনি ‘হিট অ্যান্ড রান’ (আঘাত করেই পলায়ন) গেরিলা কৌশলে বেশি বিশ্বাসী ছিলেন এবং ভারতীয় বাহিনীর সম্মতি আদায় করে সেটি সফলভাবে প্রয়োগ করেন।
স্বাধীনতার পর ষড়যন্ত্র ও কারাবরণ
দেশ স্বাধীন হওয়ার মাত্র দুই সপ্তাহ পর, ৩১ ডিসেম্বর ১৯৭১, খুলনা থেকে যশোর হয়ে ঢাকা যাওয়ার পথে মেজর মঞ্জুরের নেতৃত্বাধীন ৮ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা তাকে ও তার ১৫ জন সহযোদ্ধাকে অস্ত্রের মুখে আটক করে। ভারতীয় বাহিনী পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্র লুট করে নিয়ে যাওয়ার তীব্র প্রতিবাদ করেছিলেন মেজর জলিল। মূলত এই প্রতিবাদ এবং জেনারেল ওসমানীর সাথে সামরিক কৌশল নিয়ে মতবিরোধই তার গ্রেফতারের কারণ হয়ে দাঁড়ায়। মিথ্যা ‘লুটতরাজের’ অভিযোগে তাকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী করা হয়। কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার ব্যাগ খুলে দেখা গেল, সেখানে কোনো টাকা বা স্বর্ণালংকার নেই, বরং রয়েছে গেরিলা যুদ্ধের বই। ম্যাজিস্ট্রেট নিজেই স্বীকার করেন তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল।
খেতাব বঞ্চনা: ইতিহাসের এক চরম অবিচার
১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর দেশে ফেরার পর জেনারেল ওসমানী সেক্টর কমান্ডারদের তালিকা দিলে দেখা যায়, ৯ নম্বর সেক্টরের কমান্ডারের জায়গায় মেজর জলিলের নামের বদলে মেজর জয়নাল আবেদিনের নাম দেওয়া হয়েছে। এভাবেই একজন বীর সেনানী শুধু খেতাব থেকেই বঞ্চিত হন না, বরং দীর্ঘ ৫ মাস ৬ দিন কারাভোগের পর ১৯৭২ সালের ৭ জুলাই মুক্তি পান। তিনিই মুক্তিযুদ্ধের একমাত্র সেক্টর কমান্ডার যিনি কোনো বীরত্বসূচক খেতাব পাননি।
রাজনৈতিক জীবন ও কর্মময় জীবন
১৯৭২ সালের ৩১ অক্টোবর মেজর জলিল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত তিনি এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আপসহীন রাজনীতি করেন। এর ফলে তাকে বারবার কারাগারে যেতে হয়। ১৯৭৫ সালে সামরিক ট্রাইব্যুনালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরে তা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। ১৯৮০ সালে মুক্তি পেয়ে ১৯৮৪ সালে জাসদ থেকে পদত্যাগ করে ‘জাতীয় মুক্তি আন্দোলন’ গঠন করেন এবং স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।
মেজর জলিল কেবল একজন সৈনিক বা রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তক ও লেখক। তার লেখা আটটি গ্রন্থের মধ্যে ‘অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা’ দেশপ্রেমের এক অমর দলিল হিসেবে বিবেচিত হয়।
মৃত্যু ও শেষ বিদায়
১৯৮৯ সালের ১১ নভেম্বর মেজর জলিল পাকিস্তান যান এবং ১৬ নভেম্বর ইসলামাবাদে হৃদরোগে আক্রান্ত হন। ১৯ নভেম্বর রাত সাড়ে ১০টায় এই বীর সন্তান ইন্তেকাল করেন। ২২ নভেম্বর তার মরদেহ ঢাকায় আনা হয় এবং পূর্ণ সামরিক মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তিনিই প্রথম ব্যক্তি যার দাফনের মাধ্যমে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের সূচনা হয়।
উপসংহার ও ‘বীর উত্তম’ খেতাবের দাবি
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মেজর এম. এ. জলিল এক উজ্জ্বল নক্ষত্র। স্বাধীনতার স্বপ্নভঙ্গের প্রেক্ষাপটে আধিপত্যবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে তিনি ছিলেন এক প্রতিবাদী কণ্ঠস্বর। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ নেতৃত্ব দেওয়া, ভারতীয় বাহিনীর লুটতরাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং স্বাধীন দেশের প্রথম রাজবন্দী হওয়ার মতো গৌরবময় অধ্যায় থাকা সত্ত্বেও তাকে ‘বীর উত্তম’ খেতাব থেকে বঞ্চিত করা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক ঘটনা।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ এই সেক্টর কমান্ডারের প্রতি রাষ্ট্রের ঋণ শোধ করার সময় এসেছে। তার আত্মত্যাগ ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মেজর এম. এ. জলিলকে মরণোত্তর ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা রাষ্ট্র ও সরকারের অবশ্যম্ভাবী দায়িত্ব। নতুন প্রজন্মের কাছে তার অসমাপ্ত স্বপ্ন ও আপসহীন দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে এবং তার আত্মার শান্তির জন্য এই খেতাব প্রদান আজ সময়ের দাবি। মহান আল্লাহ এই বীর দেশপ্রেমিককে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।
লেখক:চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র।
