আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের মাছের ঘের থেকে চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানাধীন এক ব্যক্তির চুরি যাওযা সাদা রং এর করোলা প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর ৬টার দিকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউসুলি (মান্দারা) এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
আশাশুনি উপজেলার বাউসুলী গ্রামের কামরুল শেখের ছেলে এনামুল শেখ জানান, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাাগের াবাউসুলী (মান্দারা) ৪৫ বিঘা জমির মাছের ঘেরে তিনি দুই বছর ধরে কাজ করে আসছেন। প্রায় তিন মাস আগে সোহাগ মামা পার্শ্ববর্তী ঘেরের কর্মচারী ইলিয়াসের মাধ্যমে সাদা রং এর একটি পুরাতন করোলা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৫-৩২১৯) কেনেন। গাড়ির পিছনে তিনি দেড় লাখ টাকা খরচ করেন। যার কাছ থেকে গাড়ি কেনেন মামা তাকে সম্প্রতি ২০ হাজার টাকা দেওয়া হলেও ৩০ হাজার টাকা বকেয়া ছিল। মামা বিভিন্ন সময়ে দূরে গেলে ওই প্রাইভেটকার ব্যবহার করতেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সাদা পোশাকে কয়েকজন এসে ওই গাড়ির ছবি তোলেন। তার কাছে গাড়ির মালিকের নাম জানতে চাইলে মামা আবু জাহিদ সোহাগের নাম বলেন তিনি। ভোর ৬টার দিকে মামা ঘেরের বাসায় অবস্থান করলেও পুলিশ বাসার পাশ থেকে ঘুরে প্রাইভেটকার নিয়ে চলে যায়।
প্রত্যক্ষদর্শী বাউসুলী গ্রামের হাকিম সরদারের ছেলে খোকন সরদার জানান, তার বাড়ির সামনে যুবদল নেতা আবু জাহিদ সোহাগের একটি মাছের ঘের রয়েছে। তিন মাস যাবৎ আবু জাহিদ সোহাগ সাদা রং এর একটি করোলা প্রাইভেটকার ব্যবহার করে আসছেন। সোমবার ভোর সাড়ে টার দিকে সাদা পোশাকে কয়েকজন তার কাছে গাড়িটির মালিকানা জানতে চান। তিনি গাড়িটি আবু জাহিদের বলে তাদেরকে জানান। গাড়িটির ছবি তোলেন তারা। একপর্যায়ে ভোর ৬টার দিকে আশাশুনি থানার উপপরিদর্শক ফিরোজ হোসেনসহ চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার উপপরিদর্শক নূরে আলম ও গাড়িটির মালিক এসে ওই গাড়িটি নিয়ে যায়। পরে তারা জানতে পারেন যে ওটি ছিল চোরাই গাড়ি।
হাজিগঞ্জ থানার উপপরিদর্শক নূরে আলম জানান, তার থানাধীন হাজিগঞ্জ পৌরসভার হাকিমাবাদ গ্রামের আবুল কাশেমের একটি সাদা রং এর করোলা প্রাউভেটকার চুরির ঘটনায় তিনি গত ১৯ অক্টোবর থানায় ৩৩ নং চুরির মামলা করেন। মামলার তদন্তে নেমে তিনি ওই গাড়িটি সাতক্ষীরার আশাশুনির বাউসুলী এলাকায় যুবদল নেতা আবু জাহিদ সোগাগ ব্যবহার করছেন মর্মে জানতে পারেন। একপর্যায়ে রবিবার রাতে তিনি সাতক্ষীরায় আসেন। সোমবার ভোরে বাউসুলী গ্রামের আবু জাহিদ সোহাগের ঘেরের মধ্য থেকে ওই প্রাইভেটকার উদ্ধার করা হয়। তবে আবু জাহিদকে আটক করা সম্ভব হয়নি। তবে মূল আসামী না ধরা পর্যন্ত অনেক কিছু গোপন রাখা হচ্ছে।
তবে হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আবু জাহিদের জিম্মা থেকে চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে। ফলে তিনি এ চুরির সাথে যুক্ত বলে প্রমাণিত। তাকে আইনের আওতায় আনা হবে।
এ ব্যাপারে আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের সাথে সোমবার বিকেল ৫টা ৩৫ মিনিটে কয়েকবার ফোন দিলে ব্যস্ত পাওয়া যায়। পরে তিনি ফোন বন্ধ করে দেন।
এ ব্যাপারে আশাশুনি থানার উপপরিদর্শক ফিরোজ হোসেনের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদুর রহমান জানান, চাঁদপুরের হাজিগঞ্জ থানা থেকে পুলিশ এসে সোমবার ভোরে বাউসুলী গ্রামের একটি ঘের থেকে একটি প্রাইভেকার নিয়ে চলে গেছে। সেটি চোরাই কিনা সেটা তিনি জানেন না।
(আরকে/এএস/নভেম্বর ২৩, ২০২৬)
