শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আব্দুল আজিজ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রোকেয়া খাতুন (৪২) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার পাতড়াখোলা পাচুয়ারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের আব্দুল হকমান গাজীর ছেলে।
স্বজনরা জানান, আব্দুল আজিজ ও রোকেয়া খাতুন দম্পতির ছেলে ওসামা গাজীর সঙ্গে উপজেলার কৈখালী ইউনিয়নের মহসীন হোসেনের মেয়ে ফাতেমা খাতুনের বিয়ে হয়। সদ্য বিবাহিত পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসার জন্য সোমবার দুপুরের পর স্বজনদের সঙ্গে রওনা হন আব্দুল আজিজ। পরিবারের অন্য সদস্যরা মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গেলেও আজিজ ও তার স্ত্রী নিজেদের মোটরসাইকেলে করে রওনা দেন।
নিহতের ভাই আব্দুল আলিমসহ স্বজনদের দাবি, পাতড়াখোলা পাচুয়ারমোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আব্দুল আজিজের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রোকেয়া খাতুনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান চিকিৎসক সাকির হোসেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটেয়ারী জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক লিটন কুমার মন্ডল (৪৩) কে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(আরকে/এএস/নভেম্বর ২৩, ২০২৬)
