রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল শহরের রূপগঞ্জ এলাকার রতনগঞ্জে (আশ্রম রোড) অবস্থিত রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের নবনির্মিত ‘শ্রীরামকৃষ্ণ মন্দির’-এর শুভ উদ্বোধন ও উৎসর্গ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

তিন দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে সোমবার ভক্ত ও অনুরাগীদের জন্য মন্দিরটি উন্মুক্ত করা হয়।

হালকা গোলাপি ও গেরুয়া আভার এই দৃষ্টিনন্দন মন্দিরটি বেলুড় মঠের অনুকরণে আধুনিক ও ঐতিহ্যবাহী স্থাপত্যের সংমিশ্রণে নির্মিত। সুউচ্চ গম্বুজ, কারুকাজখচিত খিলান এবং প্রশস্ত প্রাঙ্গণ মন্দিরটিকে এক অনন্য আধ্যাত্মিক ও নান্দনিক রূপ দিয়েছে। মন্দিরের শান্ত, পবিত্র পরিবেশে প্রবেশ করলেই ভক্তদের মনে এক গভীর প্রশান্তি ও ভক্তিভাবের সঞ্চার হয়।

মন্দিরের উদ্বোধন ও উৎসর্গ উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে তিন দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলারতির পবিত্র ধ্বনির মধ্য দিয়ে প্রতিদিনের কর্মসূচির সূচনা হয়। এ ছাড়া অনুষ্ঠিত হয় বিশেষ পূজা, হোমযজ্ঞ, ভজন-কীর্তন ও পালকি যাত্রা। ধর্মীয় আলোচনা সভায় শ্রীরামকৃষ্ণ দেবের জীবনদর্শন ও মানবসেবার আদর্শ নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দেশ-বিদেশের সাধু-সন্ন্যাসী ও হাজারো ভক্তের পদচারণায় পুরো আশ্রম এলাকা ভক্তিরসে মুখরিত হয়ে ওঠে।

বেলুড় মঠের (রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন) অধিভুক্ত এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল ১৯২৮ সালে। ২০১৪ সালে এটি বেলুড় মঠের সরাসরি অনুমোদন লাভ করে এবং যশোর কেন্দ্রের উপকেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসছে। ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নড়াইলে ছাত্রাবাস, প্রাথমিক বিদ্যালয় ও দাতব্য চিকিৎসালয় পরিচালনা করে আসছে। এ ছাড়া দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণের মতো মানবিক সেবাও তারা অব্যাহত রেখেছে। “জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর”—এই আদর্শকে ধারণ করেই প্রতিষ্ঠানটি নড়াইলের মানুষের পাশে থেকে সেবার ব্রত পালন করে চলেছে।

নবনির্মিত এই মন্দির নড়াইলের সনাতন ধর্মাবলম্বী মানুষের আধ্যাত্মিক চর্চা ও ধর্মীয় ঐক্যের এক নতুন তীর্থক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলে আশা করছেন স্থানীয় ভক্ত ও অনুরাগীরা।

(আরএম/এএস/নভেম্বর ২৪, ২০২৬)