নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০) নামে সাময়িক বরখাস্তকৃত এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে নড়াইল সদর উপজেলার মহিষখোলা এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের পরিদর্শক মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ ও বসতঘর তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে ২৫ পিস এবং বসতঘরের ড্রেসিং টেবিলের নিচের তাক থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৭৫ পিস ইয়াবার ওজন ৭ দশমিক ৫ গ্রাম।
গ্রেপ্তার সোহেল নাদীম শিমু নড়াইল সদর উপজেলার ৩৬ নম্বর বোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। নারী নির্যাতন মামলায় তিনি বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন বলে ডিএনসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
(আরএম/এএস/নভেম্বর ২৪, ২০২৬)
