রাসেল আহমদ


বৈশ্বিক রাজনীতিতে যে নেতৃত্ব প্রাসঙ্গিক এবং সক্রিয়, তাঁকে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা, পদ-পদবি কিংবা ক্ষমতা হারানোর পরিস্থিতি দিয়ে মূল্যায়ন করা যায় কি? ইতিহাসের বিচারে এর উত্তর কখনোই হ্যাঁ হতে পারে না। একজন নেতার প্রকৃত রাজনৈতিক অবস্থান নির্ধারিত হয় তাঁর আদর্শ, সংগ্রাম, জাতীয় স্বার্থের প্রশ্নে ভূমিকা এবং আন্তর্জাতিক ক্ষমতাকাঠামোর সামনে তাঁর অবস্থানের মধ্য দিয়ে। এই বিবেচনায় মুজিব কন্যা শেখ হাসিনাকে শুধু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দেখলে তাঁর রাজনৈতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ দিক অনালোচিত থেকে যাবে। তাঁকে মূল্যায়ন করতে হবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুর সাম্রাজ্যবাদবিরোধী উত্তরাধিকার এবং সমকালীন ইন্দো-প্যাসিফিক ভূরাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে।

রাজনৈতিক মূল্যায়নে, বর্তমান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পশ্চিমা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে প্রকাশ্য ও দৃঢ় অবস্থান নেওয়া নেতাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম সাহসী এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। এমনকি তাঁকে এই অঞ্চলের সবচেয়ে দৃঢ় সাম্রাজ্যবাদবিরোধী রাজনৈতিক কণ্ঠগুলোর সক্রিয় নেতৃত্ব হিসেবে বিবেচনা করার যথেষ্ট কারণ রয়েছে। এই মূল্যায়ন কোনো অন্ধ রাজনৈতিক আনুগত্যের জায়গা থেকে নয়; বরং তাঁর বৈশ্বিক রাজনৈতিক নেতৃত্ব, সম্পর্কের টানাপোড়েন এবং বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থের প্রশ্নে তাঁর অবস্থান বিশ্লেষণের দাবি থেকেই।

শেখ হাসিনার রাজনৈতিক পরিচয়ের শিকড় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাসে প্রোথিত। বঙ্গবন্ধু কেবল বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ছিলেন না; তিনি ছিলেন জাতীয় আত্মনিয়ন্ত্রণ, রাজনৈতিক স্বাধীনতা এবং বিদেশি আধিপত্যের বিরুদ্ধে একটি স্বতন্ত্র রাষ্ট্রীয় অবস্থানের প্রবক্তা। ১৯৭৪ সালে জোটনিরপেক্ষ আন্দোলনের আন্তর্জাতিক মঞ্চে তাঁর উচ্চারণ এবং স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় মর্যাদার প্রশ্নটি বিশেষ গুরুত্ব পেয়েছিল।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সাম্রাজ্যবাদবিরোধী রাজনৈতিক ঐতিহ্য এবং বঙ্গবন্ধুর স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে ধারাবাহিকতা তৈরি করেছে, শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানকে সেই ঐতিহাসিক উত্তরাধিকারের আলোকে বিচার করা প্রয়োজন।

আজকের বিশ্বে সাম্রাজ্যবাদ আর কেবল ঔপনিবেশিক শাসনের পুরোনো চেহারায় উপস্থিত নেই। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বাণিজ্যিক চাপ, সামরিক জোট, নিরাপত্তা সহযোগিতা, প্রযুক্তিগত নিয়ন্ত্রণ এবং কৌশলগত বিনিয়োগের মধ্য দিয়েও বৃহৎ শক্তিগুলো অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের নীতিনির্ধারণে প্রভাব বিস্তার করে। ইন্দো-প্যাসিফিক অঞ্চল এই প্রতিযোগিতার অন্যতম প্রধান ক্ষেত্র। বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান, সমুদ্রপথ, জ্বালানি সম্পদ এবং আঞ্চলিক নিরাপত্তার কারণে বাংলাদেশও এই ভূরাজনৈতিক প্রতিযোগিতার বাইরে নয়।

এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন এবং জাতীয় সার্বভৌমত্ব নিয়ে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করে। বিদেশি শক্তির চাপের কাছে নতিস্বীকার করে ক্ষমতায় থাকার প্রয়োজন নেই- তাঁর এমন বক্তব্য কেবল একটি রাজনৈতিক বাক্য ছিল না; এটি ছিল জাতীয় স্বার্থের প্রশ্নে একটি রাজনৈতিক অবস্থানের প্রকাশ। অবশ্য কোনো একটি বক্তব্যই কাউকে সাম্রাজ্যবাদবিরোধী নেতা হিসেবে প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়। কিন্তু বৃহৎ শক্তির সঙ্গে মতবিরোধের ঝুঁকি নিয়েও নিজের রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতার প্রশ্ন উত্থাপন করা লৌহসম রাজনৈতিক দৃঢ়তার পরিচয় বহন করে।

এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তর্জাতিক অবস্থানের সঙ্গে একটি তুলনামূলক আলোচনা জরুরি। মোদি ও ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক সম্পর্ক, 'হাউডি মোদি' ও 'নমস্তে ট্রাম্প'-এর মতো আয়োজন এবং ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্বকে প্রায়ই দুই নেতার বিশেষ বন্ধুত্ব হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে ব্যক্তিগত বন্ধুত্বের চেয়ে রাষ্ট্রীয় স্বার্থই শেষ পর্যন্ত মুখ্য। বাণিজ্যশুল্ক, প্রযুক্তি, প্রতিরক্ষা, বাজার এবং ভূরাজনৈতিক দর-কষাকষিতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ভারতের অবস্থান কতটা স্বাধীন, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার বিবেচনায়, মোদি সরকারের এই সম্পর্কের মধ্যে কৌশলগত অংশীদারত্বের পাশাপাশি মার্কিন প্রভাবের প্রতি অতিরিক্ত নির্ভরতার প্রবণতাও দৃশ্যমান। ফলে এই সম্পর্ককে নিছক সমমর্যাদার বন্ধুত্ব বলে প্রচার করার সুযোগ নেই।

অন্যদিকে, শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের বিশেষত্ব হলো, তিনি বাংলাদেশের মতো তুলনামূলক ছোট রাষ্ট্রের নেতৃত্বে থেকেও বৃহৎ শক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নটি সামনে এনেছেন। এই জায়গাতেই তাঁর সঙ্গে মোদির রাজনৈতিক কৌশলের একটি মৌলিক পার্থক্য আলোচনায় আসে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো পরাশক্তির নির্দেশনির্ভর হবে, নাকি নিজস্ব জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হবে- এই প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য ও রাজনৈতিক অভিজ্ঞতা নতুন করে পর্যালোচনার দাবি রাখে।

অং সান সু চির রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গও এখানে প্রাসঙ্গিক। একসময় গণতন্ত্র ও সামরিক শাসনবিরোধী সংগ্রামের আন্তর্জাতিক প্রতীক হয়ে ওঠা সু চি পরবর্তী সময়ে মিয়ানমারের ক্ষমতাকাঠামো, সামরিক বাহিনীর প্রভাব এবং রোহিঙ্গা সংকটের প্রশ্নে গভীর রাজনৈতিক ও নৈতিক বিতর্কের মুখোমুখি হন। তাঁর রাজনৈতিক অবস্থানের সীমাবদ্ধতা আন্তর্জাতিক অঙ্গনে তাঁর গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে। পরবর্তী সামরিক অভ্যুত্থান তাঁর রাজনৈতিক পরিসর আরও সংকুচিত করে। ফলে সু চির অভিজ্ঞতা আমাদের দেখায়, আন্তর্জাতিক পরিচিতি কিংবা গণতন্ত্রের প্রতীক হয়ে ওঠাই স্বাধীন ও কার্যকর রাজনৈতিক নেতৃত্বের নিশ্চয়তা নয়। শেখ হাসিনার সঙ্গে তাঁর তুলনা করতে হলে এই পার্থক্যগুলো বিবেচনায় রাখতে হবে। বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব ও বৃহৎ শক্তির সঙ্গে দর-কষাকষির প্রশ্নে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানকে আলাদা করে বিশ্লেষণ করার যথেষ্ট অবকাশ রয়েছে।

এবার আসা যাক তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের প্রশ্নে। শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্স ২৪ নভেম্বর জানিয়েছে, তিনি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান। এমনকি বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরতে হবে। অর্থাৎ প্রত্যাবর্তনের ঘোষণা এখন কেবল রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি রাষ্ট্রীয় দায়িত্ব, নাগরিক অধিকার, বিচারব্যবস্থা এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে পরিণত হয়েছে।

এখানে বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনুচ্ছেদে নাগরিকের চলাফেরা, দেশের যেকোনো স্থানে বসবাস এবং বাংলাদেশ ত্যাগ ও পুনঃপ্রবেশের অধিকার স্বীকৃত হয়েছে, যদিও আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বিধিনিষেধ প্রযোজ্য। একইভাবে নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক সনদের ১২(৪) অনুচ্ছেদে কাউকে স্বেচ্ছাচারীভাবে নিজের দেশে প্রবেশের অধিকার থেকে বঞ্চিত না করার নীতি প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং পাসপোর্ট বা ভ্রমণ নথি বাতিল হওয়া এবং নাগরিকের নিজ দেশে ফেরার অধিকার বিলুপ্ত হওয়া এক বিষয় নয়। শেখ হাসিনার নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে বাতিল না হয়ে থাকলে তাঁর প্রত্যাবর্তনের অধিকার ও তা প্রয়োগের প্রশাসনিক পদ্ধতি নিয়ে সাংবিধানিক প্রশ্ন অবশ্যই উঠবে।

তবে দেশে ফেরার অধিকার মানেই বিচারিক প্রক্রিয়া থেকে অব্যাহতি নয়। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের ঘটনাসংশ্লিষ্ট মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলার সাজাও রয়েছে। তিনি আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ পাননি বলে দাবি করেছেন। এসব অভিযোগ ও রায়ের আইনগত বৈধতা নির্ধারণের দায়িত্ব আদালতের। ২০২৪ সালের হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকার অভিযোগের নিরপেক্ষ বিচার অবশ্যই হতে হবে। কিন্তু বিচার হতে হবে প্রমাণ, স্বচ্ছতা, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং যথাযথ আইনি প্রক্রিয়ার ভিত্তিতে। রাজনৈতিক প্রতিহিংসা কখনো ন্যায়বিচারের বিকল্প হতে পারে না। একইভাবে কোনো নেতার রাজনৈতিক উত্তরাধিকার তাঁকে আইনের ঊর্ধ্বে স্থান দিতে পারে না।

শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে ভারতের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো ব্যক্তি বা একটি রাজনৈতিক দলের ভাগ্যনির্ভর হতে পারে না। দুই দেশের দীর্ঘ সীমান্ত, নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক স্বার্থের কারণে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। কিন্তু সেই সহযোগিতা হতে হবে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ভারত যদি শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়ে থাকে, তাহলে সেই সিদ্ধান্তের পেছনে মানবিক বিবেচনার পাশাপাশি রাষ্ট্রীয় কৌশলও রয়েছে- এটি আন্তর্জাতিক রাজনীতির স্বাভাবিক বাস্তবতা।

বাংলাদেশেরও উচিত নিজের নাগরিকের অধিকার, রাষ্ট্রীয় মর্যাদা এবং জাতীয় স্বার্থকে সামনে রেখে কূটনৈতিক অবস্থান নির্ধারণ করা। এখানে একটি বিষয় স্পষ্ট হওয়া দরকার: শেখ হাসিনার প্রত্যাবর্তনকে শুধু ক্ষমতায় ফিরে আসার প্রশ্নে সীমাবদ্ধ করা যাবে না। তাঁর দেশে ফেরার অধিকার, তাঁর বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া এবং তাঁর রাজনৈতিক অপরিহার্যতা তিনটি আলাদা বিষয়। তিনি দেশে ফিরলে আবার প্রধানমন্ত্রী হবেন কি না, সেটি জনগণের রাজনৈতিক সিদ্ধান্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়। কিন্তু একজন নাগরিক হিসেবে নিজের দেশে ফেরার অধিকারকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অস্ত্র বানানো কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য মর্যাদাকর হতে পারে না।

সবচেয়ে বড় কথা, শেখ হাসিনাকে ছোট করে দেখার সুযোগ নেই। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্তরাধিকার এবং গত কয়েক দশকের রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে তাঁর ভূমিকা তাঁকে বৈশ্বিক সমকালীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত করেছে। তাঁর শাসনামলের সাফল্য, ব্যর্থতা, বিতর্ক ও অভিযোগ- সবকিছুরই ইতিহাসসম্মত মূল্যায়ন হবে। কিন্তু রাজনৈতিক বিরোধিতার কারণে তাঁর ঐতিহাসিক পরিচয় কিংবা নাগরিক অধিকার অস্বীকার করা যায় না।

বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত স্বাধীন রাষ্ট্র। শেখ হাসিনা সেই রাষ্ট্রেরই একজন নাগরিক, বঙ্গবন্ধুর কন্যা এবং বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের অংশ। তিনি দেশে ফিরতে চান- এই ইচ্ছাকে কোনো রাজনৈতিক ঘোষণা দিয়ে চিরতরে আটকে রাখা যায় না। তাঁকে ফিরতে দেওয়া হবে কি না, কীভাবে ফিরবেন এবং দেশে ফিরে কী আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন, তার উত্তর দিতে হবে সংবিধান, আইন ও ন্যায়বিচারের ভিত্তিতে। রাষ্ট্রের কোনো সরকারই নাগরিকের সাংবিধানিক অধিকারের মালিক নয়।

ইতিহাসের চাকা কখনো এক জায়গায় স্থির থাকে না। ক্ষমতা বদলায়, সরকার বদলায়, আন্তর্জাতিক মিত্রতার সমীকরণ বদলায়; কিন্তু একটি জাতির স্বাধীনতার ইতিহাস এবং তার সার্বভৌমত্বের প্রশ্ন থেকে যায়। সারাবিশ্বে সাম্রাজ্যবাদবিরোধী রাজনৈতিক নেতৃত্বের শীর্ষৈ থাকা শেখ হাসিনার অবস্থান নিয়ে ইতিহাসের বিচার চলবে। আর তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের প্রশ্নে বাংলাদেশের অবস্থানও একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে।

শেখ হাসিনার দেশে ফেরা কোনো সরকারের অনুগ্রহের বিষয় নয়; এটি একজন নাগরিকের সাংবিধানিক অধিকার, যার প্রয়োগ হতে হবে আইনের শাসন ও ন্যায়বিচারের মধ্য দিয়ে।

লেখক : ফ্রিল্যান্স সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক।