নারী নির্যাতন বন্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান কাপ্তাই ইউএনও
রিপন মারমা, রাঙামাটি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য র্যালি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে এ কর্মসূচি পালিত হয়।
মতবিনিময় ও সমন্বয় সভা আগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, প্রথাগত নেতা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
পরে কাপ্তাই উপজেলা পরিষদের ‘কিন্নরী কক্ষে’ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের (সিএইচসিপি) আয়োজনে এবং জার্মানির সংস্থা ‘ব্রেড ফর দি ওয়ার্ল্ড’-এর অর্থায়নে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক প্রবীর খেয়াং। সিএইচসিপি-এর প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীর প্রতি সকল ধরনের সহিংসতা ও নির্যাতন বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারি দপ্তরের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রথাগত নেতা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি রহমত উল্লাহ রাঙামাটি জেলা যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুইহলা অং মারমা এবং কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সাইমুল ইসলাম।
সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ, সামাজিক সচেতনতা তৈরি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রথাগত নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/নভেম্বর ২৫, ২০২৬)
